ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের অবসর প্রস্তুতিমূলক ছুটি বাতিল করে তাকে একই পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৭৭ ব্যাচের কর্মকর্তা আলী ইমাম মজুমদারের অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার নির্ধারিত তারিখ ছিল ২৯ নভেম্বর।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, তার অবসর প্রস্তুতিমূলক ছুটি বাতিল করে ২৯ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে পদায়ন করা হযেছে।
প্রসঙ্গত আলি ইমাম মজুমদার মন্ত্রিপরিষদ সচিবের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্বও পালন করছেন।
আলি ইমাম মজুমদার ২০০৬ সালের ৩১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব পদে নিয়োগ পান। একই বছর ৬ ডিসেম্বর তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয় এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্ব পালন করতে বলা হয়। বর্তমানে তিনি দুটি পদের দায়িত্ব পালন করছেন।
চুক্তিভিত্তিক নিয়োগ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব পদে যোগ দেওয়ার পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি সোমবারের জারি করা প্রজ্ঞাপনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এমএ/১৪৪৩ঘ.
bdnews24