২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছরের পুরনো সরকারি গোপন দলিল সবার জন্য উন্মুক্ত হচ্ছে

২৫ বছরের পুরনো সরকারি গোপন দলিল এখন থেকে জাতীয় আর্কাইভে রাখা হবে। এর ফলে এসব দলিল সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 04:42 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা,১৮ নভেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--২৫ বছরের পুরনো সরকারি গোপন দলিল এখন থেকে জাতীয় আর্কাইভে রাখা হবে। এর ফলে এসব দলিল সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হবে। এছাড়া সরকারের গোপন দলিল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেগুলো একাধিক স্থানে সংরক্ষণ করা হবে। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের জানান, সরকারি কার্যবিধি অনুযায়ী (রুলস অব বিজনেস) মন্ত্রিসভার সিদ্ধান্ত সরকারের গোপন দলিল। এগুলো মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের হেফাজতে থাকে। এ ধরনের দলিল সংরক্ষণে এখন থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। একই ধরনের গোপন দলিল একাধিক স্থানে সংরক্ষণ করা হবে। সরকারি দলিলপত্র রাষ্ট্রীয়ভাবে জাতীয় আর্কাইভ বা মহাফেজখানায় সংরক্ষণ করা হয় এবং তা সকল সরকারি দলিলের কেন্দ্রীয় সংরক্ষণাগার হিসাবে কাজ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, দু'দফার বন্যা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আমন মৌসুম থেকে সরকার দুই লাখ মেট্রিক চাল সংগ্রহের সিদ্ধান্তও নিয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের নিয়মিত এ বৈঠকে বেসরকারি সংস্থাগুলোর আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার নিয়ম সংশোধন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে এখন থেকে সরকারের 'উন্মুক্ত আকাশ' নীতির আলোকে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কোন বেসরকারি এয়ারলাইন্স অনধিক ১২ মাস পর্যন্ত ফ্লাইট পরিচালনা করতে পারবে। বর্তমান নীতিমালা অনুযায়ী ছয় মাস পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা যেত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএসবি/এসকে/২২২৯ঘ.