ঢাকা,১৮ নভেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আগামী ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য দেন।
ফাহিম মুনেম বলেন, ঘুর্ণিঝড়-কবলিত জেলাগুলোর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনও চালু করা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ১৮টি ফেরির মধ্যে ৬ টি সচল হয়েছে। বাকীগুলোর মেরামত কাজ চলছে।
এছাড়া বরগুনা, আমতলি, দুবলার চর, কলাপাড়া, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও কাঁঠালিয়ায় টেলিযোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
ফাহিম মুনেম বলেন, "মাঠ পর্যায়ে বিদ্যুৎ চালু করার কাজ চলছে। রোববার বিদ্যুতের চাহিদা ছিল ৩ হাজার ৩৫০ মেগাওয়াট। সেখানে উৎপাদন হয়েছে ৩ হাজার ২১৯ মেগাওয়াট। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।"
প্রধান উপদেষ্টা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ সচিবের কাছ থেকে দুর্গত এলাকায় কাজের অগ্রগতির প্রতিবেদন নেন বলে প্রেস সচিব জানান ।
ফাহিম মুনেম বলেন যোগাযোগ সচিব এসময় প্রধান উপদেষ্টাকে জানান, ঘূর্ণিঝড়ে ১৮টি ফেরী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধে ছয়টি ফেরি চালু হয়েছে। বাকী ১২টি ফেরি দু এক সপ্তাহের মধ্যে চালু করা যাবে। ক্ষতিগ্রস্ত ফেরিগুলো মেরামতের কাজ চলছে।
এছাড়া খুলনা -মংলা সড়কসহ বেশ কিছু সড়ক চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অভ্যন্তরীণ সড়কের অধিকাংশ এখনও চালু করা যায়নি।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব বলেছেন, দুর্গতদের জন্য এ পর্যন্ত ৪ হাজার ৯২ মেট্রিক টন খয়রাতি চাল ও ১০ হাজার পিস কম্বল দেওয়া হয়েছে । আরো ১৫ হাজার পিস কম্বল কেনা হয়েছে।
ফাহিম মুনেম জানান, কৃষকদের কৃষিঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে আলোচনা করার জন্য অর্থ উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি জানান, একদিনে দু'বার বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান ড. এএনএম রেজোয়ানকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএসবি/এসকে/২১৩৭ঘ.
bdnews24