ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--গত দু'দিনে রাজধানীতে কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক শুক্রবার রাতে মারা গেছেন। একই রাতে মুগদা এলাকায় বাড়ির কেয়ারটেকারের ধাক্কায় মারা গেছেন অশীতিপর বৃদ্ধা ভাড়াটে । এছাড়া শনিবার সকালে যাত্রাবাড়ী থেকে এক বালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার সহকারী পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুল হালিমের ছেলে আশরাফুল ইসলাম আপেল (২৬) গত বুধবার রাতে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে রাজারবাগ পার্কওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পার্কওয়ে হাসপাতালে শুক্রবার মধ্যরাতের দিকে আপেলের মৃত্যু হয়। আপেল আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেছিলেন।
সহকারী পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, "আপেল মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান।"
এদিকে মুগদা এলাকায় বাসা ভাড়া নিয়ে বচসার এক পর্যায়ে বাসার কেয়ারটেকার ভাড়াটে বৃদ্ধাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধার নাম আনোয়ারা বেগম (৮৫)। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জননী। আনোয়ারা বেগম ১২৪/১/বি উত্তর মুগদা, মদীনাবাগে ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন।
সবুজবাগ থানার কর্তব্য কর্মকর্তা উপ--পরিদর্শক আমেনা বেগম জানান, এ বিষয়ে নিহতের ভাই আব্দুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কেয়ারটেকার জাহাঙ্গীর, তার স্ত্রী নাসিমা ও শ্বাশুড়ী রাবেয়াকে আসামী করা হয়েছে। নাসিমা ও রাবেয়াকে আটক করেছে পুলিশ।
এছাড়া শনিবার সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ থেকে এক বালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়েরবাগ কাঁচাবাজারের পাবলিক টয়লেটের সামনে তার লাশ পড়ে ছিল। নিহতের পরনে ছিল লাল শার্ট, গেঞ্জি ও চেক লুঙ্গি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০২৬ঘ.
bdnews24