২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সহায়তা চায়নি সরকার, কেউ সাহায্য দিলে নেবে

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার এখন পর্যন্ত কোন দেশের কাছে সহয়তা চায়নি। তবে কেউ সহযোগিতা করতে চাইলে সরকার তা গ্রহণ করবে। পুরো এলাকার ক্ষয়ক্ষতি ও আহতদের হিসেবও পাওয়া যায়নি এখন পর্যন্ত। আগামী কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা,১৭ নভেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার এখন পর্যন্ত কোন দেশের কাছে সহয়তা চায়নি। তবে কেউ সহযোগিতা করতে চাইলে সরকার তা গ্রহণ করবে। পুরো এলাকার ক্ষয়ক্ষতি ও আহতদের হিসেবও পাওয়া যায়নি এখন পর্যন্ত। আগামী কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে। এ লক্ষ্যে বিভাগীয়, জেলা এবং উপজেলা কর্মকর্তারা কাজ করছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা পুনঃস্থাপনের কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন," বিভিন্ন দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সহায়তা দেওয়ার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে। বিদেশী সাহায্যের বিষয়টি সমন্বয় করার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও পররাষ্ট্র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।" তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ২৩ জেলায় ক্ষতি হয়েছে। তবে এর মধ্যে সব বেশি ক্ষতি হয়েছে ১২ জেলায়। পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, ভোলা, মাদারিপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, খুলনা ও সাতক্ষীরা জেলাকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব জেলায় পুর্নবাসন কাজে সবচেয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার পরিবহন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ সমন্বয় করার জন্য খাদ্য ও দুরের্‌্যাগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফাহিম মুনেম জানান, প্রধান উপদেষ্টা শুক্রবার কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এ বৈঠকে তিনি ওইসব এলাকার পরিস্থিতি বর্ণনা করেছেন। তিনি বলেন, "যেসব স্থানে এখন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা চালু করা যাচ্ছে না সেখানে স্যাটেলাইট ফোন নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।" বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, "এটা 'টেকনিক্যাল ফল্ট' । ঝড়ের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সারা দেশে প্রায় ২ হাজার বিদ্যুতের খুঁটি পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে। এসব কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছে। আগামী কালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।" তিনি বলেন, "ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, আমন এবং রবিশস্যের ক্ষতি হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এরই মধ্যে সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঘরবাড়ি তৈরির জন্য আরও ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসকরা স্থানীয় কমিটির মাধ্যমে এই টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেবে। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের সঙ্গে যৌথবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচডি/এমএসবি/এমএ/২১০৩ঘ.