ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের ফায়দা লুটেছে একশ্রেণীর ব্যবসায়ী। মওকা পেয়ে একেকটি মোমবাতি ৩০ টাকায় বেচেছে তারা।
শুক্রবার সারাদিন এবং রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষজনকে মোমের সন্ধানে দোকানে দোকানে হন্যে হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। অনেকের ভাগ্যে জুটেছে । আবার অনেকেই নিরাশ হয়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন। আর ভাগ্য ভালো হলে মোম পাওয়া গেলেও দোকানিরা অবিশ্বাস্য দাম নিয়েছেন।
সন্ধ্যা সাড়ে সাতটায় শ্যামলী রিং রোড এলাকার একটি দোকানে মোমের সন্ধানে আসা ছাত্র হাসনাত নাহিয়ান অলি জানান, তিনি ইতিমধ্যে কমপক্ষে ১০ টি দোকানে খোঁজাখুজি করেও মোম পাননি। শেষে একটি দোকানে পেলেও দোকানি মাত্র তিন টাকা দামের মোমের দাম হেঁকেছেন প্রতিটি ১০ টাকা। আর পাঁচ টাকা দামের মোম চেয়েছেন প্রতিটি ২০ টাকা করে। এ নিয়ে দোকানির সঙ্গে কথাকাটাকাটিও করেন তিনি। শেষমেষ বাধ্য হয়ে চারটি তিন টাকা দামের মোমই কিনেছেন ৪০ টাকা দিয়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদক শুক্রবার রাত ১০টার দিকে মোমের সন্ধানে প্রথমে ধানমন্ডি ২৭ নম্বর এবং শংকর এলাকার মুদি দোকানগুলোতে যান। কিন্তু সন্ধ্যার আগেই মজুদ শেষ হয়ে গেছে বলে দোকানিরা জানান।
এ প্রতিবেদক এরপর যান বাংলামোটর এলাকায়। কিন্তু সেখানেও নিরাশ হয়ে ছোটেন মগবাজারে। কিন্ত মগবাজার মোড়ের কমপক্ষে পাঁচটি মুদি দোকানে খোঁজ করেও সন্ধান মেলেনি 'সোনার হরিণ' হয়ে ওঠা মোমের! হঠাৎ করেই ঘুটঘুটে অন্ধকারে চোখ পড়ে মোড়ের ফুটপাথের লোহার বেড়ার ওপর রাখা দুটি মৃদু অগ্নিশিখার দিকে। কাছে গিয়ে দেখা যায় জাফর ও সুমন নামে দুই ব্যক্তি মাটির ক্ষুদ্র পাত্রে তৈরি বিশেষ আকৃতির একপ্রকার মোম বিক্রি করছেন।
বিশেষ আকৃতির এই মোম একটানা ২৪ ঘন্টা আলো দেবে বলেও তারা নিশ্চয়তা দিচ্ছিলেন। প্রতিটি মোমের দাম তারা চান ২০ টাকা। অবশেষে দরাদরি করে দুইটি মোম ৩০ টাকা দিয়ে কিনে অফিসে ফেরেন এই প্রতিবেদক।
মগবাজার মোড়েই কথা হয় গণমাধ্যমকর্মী আমীর মোহাম্মদ জুয়েলের সঙ্গে। জুয়েল জানান, সন্ধ্যায় তিনি বড় মগবাজারের একটি দোকান থেকে দু'টি মোম কিনেছেন ৬০ টাকায়। স্বাভাবিক সময়ে এ আকৃতির মোম বিক্রি হয় সর্বোচ্চ ৬ থেকে ৮ টাকায়।
পাড়ার ক্ষুদ্র দোকানিরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ বিপর্যয়ের সুযোগে মোমের পাইকারি বিক্রেতারা প্যাকেট প্রতি দাম ক্ষেত্রভেদে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। আর এ কারণে তারাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এ নিয়ে অনেক ক্রেতার সঙ্গে ঝগড়াঝাটিও হচ্ছে। কিন্তু তাদের কিছু করার নেই।
বাংলামোটর মোড়ে ফুটপাথের দোকানি বাদশা মিয়া বলেন, "দুপুরে কাওরান বাজার গিয়া অনেক খোঁজাখুজি কইরা দুই প্যাকেট মোম (প্রতি প্যাকেটে ১০ টি করে) ১০০ টাকা দিয়ে লইয়া আনছি। অন্য সময় এক প্যাকেট মোমের দাম রাখে বেশি হইলেও ৩০ টাকা। পরে প্যাকেট ভাইঙ্গা আমি ১০ টাকা পিস কইরা বিক্রি করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/০৩৪৭ঘ.
bdnews24