ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীন স্ত্রী ও ছেলেসহ নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গোগদ নামে এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘাটিহাটা বিশ্বরোড মহাসড়ক পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ।
এদিকে ওই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার পথে অপর এক দুর্ঘটনায় আহত হন সুনামগঞ্জের তিন কমিশনার।
সরাইলের সাংবাদিক ওয়ালিদ শিকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মউজদীন পরিবার নিয়ে প্রাইভেট কারে চড়ে ঢাকা থেকে সুনামগঞ্জ ফিরছিলেন। গোগদ এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মউজদীনের স্ত্রী তাহেরা আহমেদ ও কারচালক কবির হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় নূর হাসপাতালে নেয়ার পর মারা যান মউজদীন ও তার ছোটো ছেলে কাহলিল জিবরান (১১)।
দুর্ঘটনায় তার বড় ছেলে ফিদেল নাহিয়ানও আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বায়েজিদ।
মমিনুল মউজদীন মরমী কবি হাসন রাজার প্রপৌত্র। তার স্ত্রী তাহেরা গায়ক সেলিম চৌধুরীর বোন।
পুলিশ কর্মকর্তা বায়েজিদ জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মউজদীনের প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়। কারের দরজা কেটে যাত্রীদের বের করে আনতে হয়।
সংঘর্ষে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন বাসযাত্রীও আহত হন।
পুলিশ জানায়, আহতদের মধ্যে শাহাদাৎ (৩৫), সিরাজ উদ্দিন (৪০) ময়না বেগম (৩০) ও দীন ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছে।
সরাইলে দুর্ঘটনার খবর শুনে একটি জিপ নিয়ে সেখানে যাওয়ার পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে দুর্ঘটনায় তিন কমিশনার আহত হন বলে পুলিশ জানায়।
শায়েস্তাগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, সুনামগঞ্জ পৌরসভার একটি জিপে চড়ে কমিশনাররা সরাইলের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সন্ধ্যায় লস্করপুর এলাকায় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে জিপটি উল্টে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় সুনামগঞ্জ পৌরসভার কমিশনার জসীম উদ্দিন ফারুক গুরুতর আহত হন। তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এছাড়া কমিশনার আরতি তালুকদার ও মফিজুল হক তালুকদার সামান্য আহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৯ ঘ.
bdnews24