ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত হারিকেনের তীব্রতাসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় 'সিডর' আরও উত্তর দিকে সরে ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এটি বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ খুলনা-বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। ঘুর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ২০০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। ঝড় উপকূল অতিক্রমের সময় বৃষ্টিপাত আরো বাড়তে পারে।
(আরো তথ্যসহ ৩)
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিন ধরে ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এখনো গতিপথ উত্তর দিকে আছে। এভাবে অগ্রসর হলে ঝড়টি সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।
সমরেন্দ্র কর্মকার বলেন, ঝড়টি ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘুর্ণিঝড়ের মূল কেন্দ্র উপকূল অতিক্রম করতে আরো চার থেকে পাঁচ ঘন্টা অথবা আরো বেশি সময় লাগবে। ঘুর্ণিঝড়ের মূল কেন্দ্রের ব্যাসার্ধ ২৫০ থেকে ৩০০ কিলোমিটার। অর্থাৎ উপকূল অতিক্রমের সময় ঝড়টি পাঁচ থেকে ছয়শ কিলোমিটার এলাকায় কম-বেশি প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার রাত দেড়টায় পশুর নদীতে স্বাভাবিক জোয়ার আসবে। স্বাভাবিক জোয়ারে নদীর পানির উচ্চতা প্রায় ১০ ফুট বেড়ে যেতে পারে। এ সময় যদি ঘুর্ণিঝড়ের মূল কেন্দ্রটি উপকূলের কাছাকাছি থাকে বা উপকূল অতিক্রম করে তাহলে জোয়ারের পানির উচ্চতা ২৫ থেকে ৩০ ফুট কিংবা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে ধেয়ে আসায় মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত অব্যাহত রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা ও দুরবর্তী দ্বীপ ও চর ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার নদীবন্দরগুলোকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, যশোর ও সাতক্ষীরার দ্বীপ ও চরসমূহের ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে ভারি বা অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স^াভাবিক জোয়ারের চেয়ে ১৫-২০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১১টি জেলায় ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঝড়ের সার্বক্ষণিক খবর আদান -প্রদানের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এর ফোন নম্বর হচ্ছে : ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ এবং ৭১৬৪১১৫।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে নগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেন্টমার্টিনে আটকে পড়েছেন শতাধিক পর্যটক।
ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল এবং বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। বর্হিনোঙ্গর থেকে বন্দরে জাহাজ আসা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্ণফুলী নদীতে অবস্থানরত ২৪৩টি লাইটারেজ জাহাজকে নদীর উজানে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বুধবার রাত ১০টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা। এছাড়া চট্টগ্রামে থাকা বিমান বাহিনীর সব উড়োজাহাজ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, 'এসআইডিআর' ঘূর্ণিঝড়টি ৪ দশমিক ৫ মাত্রার যা হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়কে বোঝায়।
ব্রিটিশ ঝড় পূর্বাভাস ব্যবস্থা ট্রপিক্যাল স্টর্ম রিস্ক জানিয়েছে, 'এসআইডিআর' নামের ঘূর্ণিঝড়টি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার সমান শক্তিসম্পন্ন।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সাজেদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু এটিকে হারিকেন পর্যায়ের বলা হয়েছে তাই বোঝা যায় এটা শক্তির দিকে থেকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর থেকে তীব্র ঝড় সাধারণত আর হয় না।"
দুর্যোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা নিখিল রঞ্জন রায় বুধবার রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপকূলীয় প্রতিটি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড়টি দ্রুতগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে।"
রাতে সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, সরকার দেশের সকল উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে। লোকজনের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক ও উদ্ধারকারী দল।
১৯৭০ সালে নভেম্বর মাসে এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ওই সময় ঘণ্টায় ২২২ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে প
bdnews24