ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় এসআইডিআর উপকূলের দিকে যতো এগিয়ে আসছে, জনমনে আতঙ্ক ততো বাড়ছে। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। বুধবার রাত আটটার পর চট্টগ্রাম ও রাত ১০ টার পর মংলা বন্দরের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়। রাত দশটা থেকে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও। ঘূর্ণিঝড় আঘাত হানলে পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১১টি জেলায় ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। (আরো তথ্যসহ ৫)
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার বিশেষ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোনো জাহাজকে বহির্নোঙ্গর থেকে বন্দরে আসার অনুমতি দেওয়া হবে না।
বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান কমডোর এম. ফারুক বুধবার রাত পৌনে নয়টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৯ নম্বর মহা বিপদ সংকেতের কারণে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সহকারী হারবার মাস্টার নূর আহমদ চৌধুরী জানান, বন্দরের জেটি ও মুরিংয়ে অবস্থানরত ১৫টি জাহাজকে রাতে জোয়ারের সময় বর্হিনোঙ্গরে নিয়ে যাওয়া হবে। তাছাড়া ছোট ছোট জাহাজগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত বহির্নোঙ্গর থেকে নতুন কোনো জাহাজকে বন্দরে নোঙ্গর করতে দেওয়া হবে না। রাত আটটার পর থেকে বন্দরের সব ধরনের কাজ বন্ধ রাখা হয়েছে। তাছাড়া কর্ণফুলী নদীতে অবস্থানরত ২৪৩টি লাইটারেজ জাহাজকে নদীর উজানে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত দশটা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়।
বিমান বন্দরের টার্মিনাল ম্যাানেজার স্কোয়াড্রন লিডার সাজ্জাদ হোসেন রাত পৌনে ৯ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়েজার এয়ারলাইন্সের একটি বিকল বিমান, একটি কানাডীয় হেলিকপ্টার ও বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রয়েছে। রাত ১০টার মধ্যে বিমানের উড়োজাহাজ ও কানাডীয়ান হেলিকপ্টারটির বিমানবন্দর ত্যাগ করার কথা।
এদিকে সেন্টমার্টিনে আটকে পড়া বগুড়া জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক সাঈদ আকতার মোবাইল ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছে। তারা বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্ট হাউসে অবস্থান নিয়েছেন।
সাঈদ জানান, বুধবার সকালে তিনি টেকনাফ ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু সাগর উত্তাল থাকায় পারেননি।
টেকনাফ থেকে সংবাদকর্মী সিদ্দিক আহমদ জানান, সোম ও মঙ্গলবার সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে যেসব পর্যটক রাত্রিযাপন করেছেন মূলত তারাই আটকা পড়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বলেন, "সাগর উত্তাল হয়ে ওঠায় বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্টমার্টিনে বেশ কিছু পর্যটক আটকা পড়ার কথা আমি শুনেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও রেডক্রিসেন্ট সোসাইটি উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম বুধবার রাত পৌনে দশটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপকূলীয় উপজেলাগুলোতে জনগণকে সর্তক করে মাইকিং করা হচ্ছে। জেলার মোট ৫২৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে লোকজনকে আনা শুরু হয়েছে।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনও উপকূল সংলগ্ন ৮টি ওয়ার্ডে মাইকিং করছে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মঞ্জুর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপকূল ও নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকিং এবং লোকজনকে গাড়ি করে নিকটবর্তী সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করার পর মানুষের মাঝে উৎকন্ঠা বেড়ে গেছে। জেলা প্রশাসন রাত সাড়ে ৯টা থেকে মাইকিং করে ও গাড়ি পাঠিয়ে উপকূলীয় ও নিচু এলাকা থেকে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। জেলার সব জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা বাতাস।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চিড়া, গুড় ও শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে জেলা শহর ও উপজেলা পর্যায়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার ৮টি উপজেলায় ৪১৬টি আশ্রয় কেন্দ্র ছাড়াও সব স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। লোকজনকে এসব নিরাপদ স্থানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. দেলোয়ার হোসেন জানান, জেলার উপকূলীয় এলাকায় প্রায় ৫ হাজার রেডক্রিসেন্ট কর্মী লোকজনকে সরিয়ে আনার কাজ করছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থাও কাজ করছে।
কক্সবাজার শহরতলীর কুতুবদিয়া পাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বোরহান জানান, চরপাড়া, কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার প্রায় ৫ হাজার মানুষ শহরের জেলা প্রশাসকের কার্যালয়, পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় ও উঁচু এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বুধবার রাত ১০টায় জানান, উপকূলীয় এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের লোকজনকে স্থানীয় দুই বা তিনতলা হোটেল ভবন, সরকারী রেস্ট হাউস ও হাসপাতালে তোলা হয়েছে। মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল আমিন জানান, রাতের মধ্যেই উপকূলীয় এলাকার সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
খুলনা প্রতিনিধি জানান, খুলনার নৌ বন্দরগুলো থেকে বুধবার কোনো লঞ্চ বা স্টিমার ছেড়ে যায়নি। জেলা প্রশাসক এস এম ফিরোজ আলম জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দুর্যোগ মোকাবেলায় উপজেলাগুলোতে আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, বুধবার সকালেই জেলার অভ্যন্তরীণ রুটগুলোয় সব ধরনের লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়। পটুয়াখালী বন্দর কর্মকর্তা মো. শহিদুল্ল
bdnews24