সিলেট, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোম্পানীগঞ্জে ডায়রিয়া ধরনের রোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ওই রোগে মৃতের সংখ্যা ২১ এ দাঁড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক শেফায়েত উল্লাহ শনিবার কোম্পানীগঞ্জ উপজেলায় আক্রান্ত এলাকায় যান। তবে এখন পর্যন্ত রোগটি নির্ণয় করা যায়নি।
সর্বশেষ শনিবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজে মারা যান গোয়াইনঘাট উপজেলার কুনকিরি রুস্তমপুরের আব্দুল খালেক (১০)। নিহত ২১ জনের অধিকাংশই শিশু।
রোগের লক্ষণ বর্ণনা করতে গিয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুবোধ চক্রবর্তী বলেন, "আক্রান্তদের প্রথমে ডায়রিয়া হয়। এরপর শুরু হয় বমি। অনবরত বমি করতে করতে মৃত্যু হয় তাদের।"
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখন এ রোগে আক্রান্ত ৩৬ জন চিকিৎসাধীন রয়েছে।
সিলেট জেলা সিভিল সার্জন ডা. এ জেড মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগটি নির্ণয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি ডায়রিয়া নয়। আমাদের ধারণা, 'ভাইরাল এনকেপ্যালাইটিস' রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন।"
রোগ নির্ণয়ে আইসিডিডিআর,বি এবং আইইডিসিআর এর একটি সমন্বিত দল কাজ করছে বলেও সিভিল সার্জন জানান।
তিনি আরও জানান, প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েছে আক্রান্তদের যকৃৎ ও বৃক্কে সংক্রমণ দেখা দিয়েছিল।
ডা. মাহবুব আহমদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক শেফায়েত উল্লাহ পরিস্থিতি দেখতে শনিবার কোম্পানীগঞ্জ উপজেলায় গিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাঠি গ্রামে গত শনিবার রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। পাঁচ দিনে ওই গ্রামের নয় জন মারা যায়। এরপর তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এম এ মালেক বুধবার উপদ্রুত এলাকা পরিদর্শন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকা নিয়ে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/জেকে/২৩১৪ ঘ.
bdnews24