ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পরিবারের মধ্যে নারী নির্যাতন রোধে 'আমরাই পারি' প্রচারাভিযানের অংশ হিসেবে দু'দিনব্যাপী 'জাতীয় চেঞ্জ মেকার সম্মেলন' রোববার শুরু হচ্ছে।
'আমরাই পারি' প্রচারাভিযানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে এবং সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এ সম্মেলন আয়োজন করেছে।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের চেয়ারপারসন ও সাবেক উপদেষ্টা সুলতানা কামাল জানান, নারী নির্যাতন রোধে ২০০৪ সাল থেকে এ জোট কাজ করে আসছে। এখন দেশের ৪৪টি জেলায় জোটভুক্ত হয়েছে ২৩৬টি সংগঠন। জোটের লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে দুই লাখের বেশি স্বেচ্ছাসেবী কাজ করছেন। এদের বলা হচ্ছে 'চেঞ্জ মেকার'
তিনি জানান, সারাদেশ থেকে ২৫০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নেবে।
সুলতানা কামাল বলেন, "বাংলাদেশে এখন পর্যন্ত পারিবারিক নির্যাতনকে 'নির্যাতন' বলা হয়নি। যে কারণে পরিবারে নারী নির্যাতনের বিরুদ্ধে কোন আইনও নেই। আমরা মনে করি পৃথিবীতে যুদ্ধ হানাহানি সংঘর্ষে যতো ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে নারী নির্যাতনে।"
তিনি বলেন, "নারী নির্যাতন মূলত একটি সামাজিক সমস্যা। এটি কারও ব্যাক্তিগত সমস্যা নয়। তাই নারী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলন। শুধু আইন করে এটা বন্ধ করা যাবে না। বিষয়টা মানুষকে মন থেকে অনুভব করতে হবে। এজন্য এ প্রচারাভিযান।"
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জোটের কর্মসূচি কর্মকর্তা জিনাত আরা হক, স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএ/১৯২৬ঘ.
bdnews24