চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বাসায় শুক্রবার ডাকাতি হয়েছে। পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে ডাকাতরা সোনার গহনা, মোবাইল সেট, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মাল লুট করেছে বলে জানিয়েছেন গৃহকর্তা।
পাঁচলাইশ আবাসিক এলাকার লোটাস ভবনে মোহাম্মদ ইয়াকুবের বাসায় দুপুর একটার দিকে ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা মোহাম্মদ ইয়াকুব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চার থেকে পাঁচজন লোক নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। তারা পাঁচ ভরি স্বর্ণালংকার, ৪ টি মোবাইল সেট ও বেশকিছু টাকা নিয়ে যায়।
ডাকাতির সময় বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতদের রিভলভারের আঘাতে মোহাম্মদ ইয়াকুবের ছোট ছেলে মনিরুল আলম আহত হয়।
মোহাম্মদ ইয়াকুব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তিনি মামলা করেননি।
পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আতিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতি হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে বলে তিনি জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২২১০ ঘ.
bdnews24