পাবনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। প্রথম দফায় লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ না হওয়ায় সংগ্রহ অভিযানের সময়সীমা আরো দুই মাস বাড়ানো হয়। কিন্তু তাতেও সাফল্য আসেনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক চিত্তরঞ্জন বেপারী বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছর পাবনার নয়টি সরকারি খাদ্য গুদামে ৫০ হাজার ৮৭১ মোট্রিক টন চাল এবং ৫ হাজার ৬৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যমাত্রা নিয়ে গত মে মাস থেকে ৩১ আগস্ট পর্যন্ত চার মাসব্যাপী ধান-চাল কেনা হয়।
তিনি জানান, ওই সময়ে ৩৭০ জন চুক্তিকৃত মিলার এবং অচুক্তিকৃত ২৭৪ জন মোট ৬৪৪ জন মিলার চার মাসে ১৯ হাজার ৪১৪ দশমিক ৭৫ মেট্রিক টন চাল এবং ৪৯ দশমিক ৯৮ মেট্রিক টন ধান সরবরাহ করে। তাতে লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ না হওয়ায় আরো দুই মাস সময় বাড়ানো হয়। কিন্তু বর্ধিত সময় ৩১ অক্টোবর পর্যন্ত কেউ সরকারি গুদামে ধান-চাল বিক্রি করেনি। ফলে গোটা অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়।
খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর জানায়, সবচেয়ে বেশি চাল সংগ্রহ হয়েছে ঈশ্বরদী উপজেলায় ১৪ হাজার ১৫০ দশমিক ৬৩ মেট্রিক টন। এছাড়া সদর উপজেলায় দুই হাজার ২৬ দশমিক ৬৫, আটঘরিয়ায় ৪০৬ দশমিক ৩৮, চাটমোহরে ৬৯৫, ভাঙ্গুড়ায় ৫৬৭ দশমিক ১২, ফরিদপুরে ১৩৯ দশমিক ৫৭ এবং সুজানগরে ৩১ দশমিক ৮৭ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। আর বেশির ভাগ ধান সংগ্রহ হয়েছে সদর উপজেলা থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.
bdnews24