ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাংক ড্রাফট জালিয়াতি সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
র্যাব দাবি করেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যাংক ড্রাফট জালিয়াতি করে বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে। গ্রেপ্তারকৃতরা ওই চক্রেরই সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলো আকতার হোসেন (৩৩), অভিজিৎ গুপ্ত (৩২), জাহাঙ্গীর (৩১), বেলাল মেম্বার (৫৫), আবদুল মজিদ (৪০), তারা মিয়া (৬০), ওসমান (৫২), আমিরুল (৪৫), মোহন (৩৫), ইয়াসিন (১৮), সুরুজ মিয়া (৪৮) ও আবদুস সালাম(২৯)।
র্যাব সদস্যরা বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
র্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহজমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে এই চক্রের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। নিশ্চিত হওয়ার পর র্যাব সদস্যরা দুটি দলে ভাগ হয়ে বুধবার অভিযান শুরু করে। প্রথম দলটি রাজধানীর কমলাপুর নিশি হোটেলের সামনে থেকে আক্তার হোসেন ও অভিজিত গুপ্ত ওরফে আফতাব চৌধুরীকে (৩২) গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা জানান, আক্তার ও অভিজিৎ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা বিভিন্ন ব্যাক্তিকে কৌশলে ব্যাংক ড্রাফট ভাঙানোর কাজে লাগাতো। ওই ব্যক্তি প্রথমে ব্যাংক হিসাব নম্বর, ঠিকানা, নাম ইত্যাদি সংগ্রহ করে অভিজিৎকে দিত। অভিজিৎ এসব তথ্যের ভিত্তিতে ভুয়া ব্যাংক ড্রাফট তৈরির প্রক্রিয়া শেষ করত। পরে এসব ব্যাংক ড্রাফট আকতারের কাছে দেওয়া হতো। আখতার এগুলো বিভিন্ন ব্যাংকের হিসাবধারীদের কাছে পৌঁছে দিত। হিসাবধারীরা এসব ভুয়া ব্যাংক ড্রাফট ব্যাংকে জমা করে টাকা তুলে আখতারকে দিত। আখতার ওই টাকার ১০ শতাংশ নিজে রেখে বাকি টাকা অভিজিৎকে দিত। পরে অভিজিৎ বাকি টাকার অর্ধেক নিজে রেখে অর্ধেক কাজী মো. মোসলেউদ্দিন ওরফে মোহনকে দিত।
র্যাব কর্মকর্তারা জানান, মোহন এই জালিয়াত চক্রের প্রধান। সে অভিজিতের কাছ থেকে হিসাবধারীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করত। পরে তারা মিয়ার মাধ্যমে ভুয়া ব্যাংক ড্রাফট তৈরি করা হতো। তারা মিয়া নিজে এবং দক্ষিণ খানের লিরা প্রেসে এগুলো তৈরি করতো।
আখতার ও অভিজিতের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর হোটেল সাথী থেকে মোহনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরে কুমিল্লা থেকে জাহাঙ্গীর ও বগুড়া থেকে এস এম বেলাল মেম্বার ও আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়।
মোহনের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাবের অন্য দলটি যাত্রাবাড়ীর হোটেল সাথীর সামনে থেকে তারা মিয়াকে গ্রেপ্তার করে। পরে রাজধানীর দক্ষিণখান এলাকার লিরা প্রেস থেকে কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার ও ভুয়া ড্রাফট এর কপি উদ্ধার করা হয়।
সেখান থেকে ওসমান ও আমিরুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, এ দলের সদস্যরা মূলত বগুড়া ও নওঁগা এলাকার বিভিন্ন ব্যাংকে জাল ড্রাফট ভাঙানোর কাজটি করত। গত এক বছরে তারা কমপক্ষে ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে দাবি করেন তিনি।
এছাড়া এ ধরনের আরো কয়েকটি চক্র দেশের অন্যান্য স্থানে সক্রিয় রয়েছে বলেও মাহফুজুর রহমান জানান।
এদিকে র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার রাজধানীর শ্যামলী এলাকার খিলজী সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. সামছু সরদার (৪০) এবং মো. খলিল (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারা দীর্ঘদিন ধরে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিল বলে র্যাব কর্মকর্তারা জানান। অভিযানে বিপুল পরিমাণ জাল ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্স তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২২৫৫ ঘ.
bdnews24