চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় অভিযুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সাংসদ হারুনুর রশিদ।
সোমবার জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহার আদালতে মামলাটির অভিযোগ গঠন হয়। সাবেক এ সাংসদের পাশাপাশি এ মামলায় আরো অভিযুক্ত হয়েছেন তার স্ত্রীসহ তিন জন।
অভিযোগ গঠনের পর আদালত আগামী ১২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করে।
কারাগারে আটক হারুনুর রশিদকে সোমবার আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তিনি তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
অভিযুক্ত অপর তিন জন হারুনুর রশিদের স্ত্রী ও জেলা মহিলা দলের সভানেত্রী সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, জেলা যুবদল সভাপতি এজাবুল হক বুলি এবং বিএনপি কর্মী আসাদুজ্জামান পলাতক রয়েছেন।
গত ১৩ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেদীনগর ইউনিয়নের গ্রামের কাজী মো. মোজাম্মেল হক বাদি হয়ে চার জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সদর থানায় মামলাটি দায়ের করেন।
হারুনুর রশিদ হারুন এর আগে ঢাকায় একটি মামলায় গ্রেপ্তার হন। গত ৩ নভেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়।
চঁদাবাজির অপর এক মামলায় পাপিয়ার পাঁচ বছর কারাদণ্ডাদেশ হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24