কক্সবাজার, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে পাচারকালে সেন্ট মার্টিন উপকূল থেকে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার রোববার আটক করেছে নৌবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ট্রলারের আট মাঝি-মাল্লাকে।
নৌবাহিনীর টেকনাফ ক্যাম্পের অধিনায়ক মনিরুল ইসলাম জানান, সার পাচারের সন্দেহে নৌবাহিনীর জাহাজ 'মধুমতি' 'এমভি ইয়ার' নামে একটি মাছ ধরা ট্রলারকে থামতে এটি পালানোর চেষ্টা চালায়। তখন নৌবাহিনীর জাহাজ ধাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় আট কিলোমিটার দক্ষিণে ট্রলারটি আটক করে। ওই ট্রলারে ৪০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।
একই সময় ট্রলারটির আট মাঝি-মাল্লাকে গ্রেপ্তার করা হয় বলে ওই নৌ-কর্মকর্তা জানান। এরা হলেন, হাফেজ আহমদ (৩৫), বাবুল হাসান (৪৫), ফারুক (৩০), করিম উল্লাহ (২২), মোহাম্মদ রশিদ (৩৭), ফরিদ আলম (৩৬), রাজ্জাক (২৪) ও ইমাম হোসেন (২৮)। এরা সকলেই চট্টগ্রামের বোয়ালখালী, ভোলা ও টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।
মনিরুল ইসলাম জানান, বরিশালের হিজলা থেকে সারবোঝাই করে ট্রলারটি মিয়ানমার যাচ্ছিলো বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে।
সন্ধ্যায় তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24