চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাউজান উপজেলার নোয়াজিশপুরে ডাকাতি করতে গিয়ে বৃহস্পতিবার গভীর রাতে এলাকাবাসীর পিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। নিহতরা হলো মো. বাদশা (২৮) ও নোনাইয়া (২৭)।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দুইটার দিকে ১২/১৫ জনের ডাকাত দল আকবরশাহ পাড়ায় একটি বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীরা বাড়িটি ঘিরে ফেলে। ডাকাতরা এ ওই সময় পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে ধরে ফেলে।
আলী আহমদ জানান, পরে গ্রামবাসী ব্যাপক পিটুনি দিলে দুই ডাকাত ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ গিয়ে নিহত দ্ইু ডাকাতের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া ধারালো ছোরা ও কিরিচ উদ্ধার করে।
এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আলী আহমদ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24