২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুলে ভরা সনদ-নম্বরপত্র

"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে উপাচার্য স্বাক্ষরিত যে সনদ আমি পেলাম সেখানে ইংরেজীতে লেখা UNIVERSITY বানানটিই ছিল ভুল। এছাড়া নম্বরপত্রে বিভাগ নির্ধারণ নম্বর, অনার্সের বিভিন্ন বর্ষের কোর্সে নামের বানান ভুল।" ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) জন্য আবেদন করতে এসে ভুলে ভরা সনদ আর নম্বরপত্র দেখে এভাবেই ভোগান্তির কথা জানান সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সুবর্না মজুমদার। তার স্নাতোকোত্তর শ্রেণীর সনদে ইংরেজীতে বিশ্ববিদ্যালয়ের নাম শিরোনামে UNIVERSITY বানানটি হয়েছে UNIBERSITY। আল আমিন দেওয়ান জানাচ্ছেন বিস্তারিত। >> ভুল বানানে সনদপত্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 06:35 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

আল আমিন দেওয়ান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে উপাচার্য স্বাক্ষরিত যে সনদ আমি পেলাম সেখানে ইংরেজীতে লেখা UNIVERSITY বানানটিই ছিল ভুল। এছাড়া নম্বরপত্রে বিভাগ নির্ধারণ নম্বর, অনার্সের বিভিন্ন বর্ষের কোর্সে নামের বানান ভুল। এত ভুলেভরা সনদ আর নম্বরপত্রের সত্যতা নিয়ে সন্দেহ অনেকের, আর একই সঙ্গে শুরু হয় আমাদের ভোগান্তি।" ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) জন্য আবেদন করতে এসে ভুলে ভরা সনদ আর নম্বরপত্র দেখে এভাবেই ভোগান্তির কথা জানান সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সুবর্না মজুমদার। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে ইংরেজীতে অনুবাদ করা অনার্স এবং মাস্টার্সের চারটি নম্বরপত্র তোলেন সুবর্না মজুমদার। বিদেশি একটি বৃত্তির জন্য তা পাঠাতে গিয়ে তিনি নম্বরপত্রগুলোতে বানান ভুল খুঁজে পান। আর মাস্টার্সের সনদে ইংরেজীতে বিশ্ববিদ্যালয়ের নাম শিরোনামে UNIVERSITY বানানটি UNIBERSITY লেখা দেখে তিনি হতভম্ব হয়ে যান। শুধু সুর্বনা নন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ভুলে ভরা সনদ আর নম্বরপত্র নিয়ে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। তারা বলছেন, কোথাও চাকরির জন্য আবেদন করলে নিয়োগদাতারা এসব সনদ দেখছেন সন্দেহের চোখে। তাদের সন্দেহ, এ কারণে অনেক ক্ষেত্রে যাচাই ছাড়াই আবেদনপত্র বাতিল করে দিচ্ছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। বিদেশি বৃত্তির ক্ষেত্রে এসব সনদ ও নম্বরপত্র অযোগ্য বলে বিবেচিত হচ্ছে বলেও অনেকের ধারণা। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে ৪ অক্টোবর ২২ ক্রমিক নম্বরে ইস্যু করা সুবর্নার মাস্টার্সের নম্বরপত্রে প্রথম বিভাগের স্থানে লেখা রয়েছে ৩০০ নম্বর , দ্বিতীয় বিভাগের স্থানে ২২৫, কিন্তু তৃতীয় বিভাগের স্থানে লেখা রয়েছে ২৮০ নম্বর। যা হওয়ার কথা ছিল ১৮০। অনার্সের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের নম্বরপত্রে তিনটি কোর্সের নামে writing বানানটি লেখা রয়েছে ভুল বানানে writting। একটি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের মূল সনদ এবং নম্বরপত্রে এ ধরনের ভুল দেখে অবাক হয়েছেন স্বয়ং পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং ট্রান্সক্রিপ্ট শাখার কর্মকর্তারাই। নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের একজন কর্মকর্তা বলেন, গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে ছাপানো এসব সনদ এবং বিশ্ববিদ্যালয় ছাপাখানায় ছাপানো নম্বরপত্রের এই ভুলগুলো ঠিক করার জন্য নতুন করে সনদ ও নম্বরপত্র ছাপানো ছাড়া আর কোন উপায় নেই। আর সাধারণত অনেক চাহিদা ছাড়া এগুলো নতুন করে ছাপাতে দেয়া হয় না। তাই একজন শিক্ষার্থীকে তার সনদ ও নম্বরপত্রের ভুল ঠিক করে নেয়ার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘসময়। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাফফর হোছাইন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রদত্ত সনদে ভুল থাকা প্রসঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানের সনদে UNIVERSITY বানানটি ভুল হওয়া খুবই দু:খের ও লজ্জার। তিনি জানান, ভুল সনদগুলো ইতিমধ্যেই শুদ্ধ করে নতুনভাবে ছাপিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের কাছে থাকা ভুল সনদগুলো তারা আবেদন করলে পরিবর্তন করে দেওয়া হবে। নম্বরপত্রে ভুল এড়াতে পরীক্ষা কমিটি ও প্রেস কর্তৃপক্ষের সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন পরীক্ষা নিয়ন্ত্রক। এছাড়া সনদ সংগ্রহের সময় শিক্ষার্থীদের তা যাচাই করে করে নেওয়ারও পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এফআই/টিএইচ/জিএনএ/১২০০ ঘ.