ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর উত্তরায় রাস্তার পাশের ডোবা থেকে বুধবার একটি নিমজ্জিত ট্যাক্সি ও এর ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ। অন্তত ১০/১২ দিন ধরে ট্যাক্সিটি সেখানে ডুবে ছিল বলে মনে করা হচ্ছে।
উত্তরার ১২ নম্বর সেক্টরের শেষ মাথায় খালপাড় নামক স্থানে ডোবা থেকে বুধবার বিকেলে নাভানা কোম্পানির একটি ট্যাক্সি (ঢাকা মেট্রো প ১১-০৫২৯) ও এর ভেতরে থাকা গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা অন্তত ১০/১২দিন আগে গাড়িটি পানিতে গিয়ে পড়ে।
উত্তরা থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান জানান, গাড়িটি উদ্ধারের সময় এর ড্রাইভিং সিটে লাশটি পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে সে ওই গাড়ির চালক। গাড়ির জানালার কাঁচ তোলা এবং উইন্ডস্ক্রিন ভাঙা ছিল। তবে লাশ একদম গলিত থাকায় সন্ধ্যা পর্যন্ত তাতে হাত দেওয়া হয়নি।
উপ-পরিদর্শক বলেন, "গাড়িটি দূর্ঘটনাবশত না অন্য কোনও ভাবে পানিতে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে।"
অজ্ঞাত সূত্রের এক টেলিফোন পেয়ে বুধবার দুপুরের পর পুলিশ ওই ডোবার ধারে যায়। স্থানীয়রা জানান কয়েকদিন আগে সেখানে একটি গাড়ি পড়ে গেলেও এ নিয়ে কেউ খোঁজ করেনি। ডোবায় লোক নামিয়ে কয়েক ঘণ্টা খোঁজার পরও গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে বিকেলে বাঁশ দিয়ে খুঁচিয়ে পানিতে এর অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়।
উপ-পরিদর্শক জানান, ঘটনাস্থল তুরাগ থানার মধ্যে পড়ায় এ বিষয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২৩১৯ঘ.
bdnews24