২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭০ হাজার মামলা নিয়ে যাত্রা করছে পৃথক বিচার বিভাগ

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট ও জজ আদালতে বিচারাধীন প্রায় ৭০ হাজার মামলা নিয়ে ১ নভেম্বর থেকে পৃথক বিচার বিভাগের কার্যক্রম শুরু হচ্ছে। এ বিপুলসংখ্যক মামলার মধ্যে জেলা ও মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় ২৫ হাজার এবং মহানগর ও জেলা জজ আদালতসহ বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মোট প্রায় ৪৫ হাজার মামলা বিচারাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট ও জজ আদালতে বিচারাধীন প্রায় ৭০ হাজার মামলা নিয়ে ১ নভেম্বর থেকে পৃথক বিচার বিভাগের কার্যক্রম শুরু হচ্ছে। এ বিপুলসংখ্যক মামলার মধ্যে জেলা ও মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় ২৫ হাজার এবং মহানগর ও জেলা জজ আদালতসহ বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মোট প্রায় ৪৫ হাজার মামলা বিচারাধীন। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিচারক ও জনবল সংকটের কারণে এত বিশাল মামলার বোঝা নিয়ে শুরুর দিকে চট্টগ্রামের আদালতগুলোতে কিছুটা অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ অসুবিধা সাময়িক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। মহানগর পিপি আহসানুল হক হেনা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পৃথককরণের পর চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন প্রায় ৭০ হাজার মামলা পরিচালনা করতে প্রথম দিকে কিছু অসুবিধা হলেও স্বাধীন বিচার বিভাগের কার্যক্রম পুরোদমে শুরুর পর তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের স্থলে নিযুক্ত বিচারবিভাগীয় হাকিমের সংখ্যা কম হওয়ায় চট্টগ্রাম আদালতের বিচারবিভাগের নিম্নতম পর্যায়ের বিচার কাজে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশংকা করছেন আইনজীবীরা। এ কারণে আদালতে ঝুলে থাকা মামলার বিশাল বোঝা নিয়ে কাজ শুরু করতে হবে নিম্ন আদালতে নিয়োগ পাওয়া নতুন বিচারবিভাগীয় হাকিমদের। তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম গতিশীল হলে মামলার বিচার কাজ আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হবে বলে অভিজ্ঞ আইনজীবীরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। আদালত সূত্র জানায়, বিচার বিভাগের পৃথককরণ প্রক্রিয়ায় ২২ জন চট্টগ্রাম মহানগর ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিপরীতে সোমবার পর্যন্ত যোগ দিয়েছেন মাত্র ১০ বিচারবিভাগীয় হাকিম । এর মধ্যে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেসিতে সাত জনের স্থলে পাঁচ জন এবং জেলা ম্যাজিস্ট্রেসিতে ১৫ জনের বিপরীতে নিয়োগ দেয়া হয়েছে মাত্র ৫ জনকে। তবে পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়বে বলে আদালত সূত্রে জানা গেছে। শুধুমাত্র মহানগরের সাতটি আদালতে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১৫ হাজার মামলার বিচার কাজ চলছিল বলে মহানগর পিপি আহসানুল হক হেনা জানান। জেলা পিপি এনামুল হক চৌধুরী জানান, জেলার ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে বিচারাধীন রয়েছে প্রায় দশ হাজার মামলা। বিচার বিভাগের পৃথককরণকে একটি 'ঐতিহাসিক ঘটনা' হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারবিভাগীয় হাকিম সংখ্যায় কম হওয়ায় নিম্ন আদালতের বিচারিক কার্যক্রমে সাময়িক স্থবিরতা দেখা দিতে পারে। এতে করে বিচারপ্রার্থী জনগণের সাময়িক ভোগান্তি হবে। তবে হাকিমের সংখ্যা বাড়লে ক্রমান্বয়ে এ সমস্যা দূর হবে এবং মামলার বিচারিক কাজে আগের চেয়ে অনেক গতি আসবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে ন্যায়বিচার ও সুশাসনের স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে সাময়িক এ অসুবিধা মেনে নিতে হবে। রানা দাশগুপ্ত জানান, অতীতে নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেটরা প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিচারকাজ পরিচালনা করতেন। ১ নভেম্বর থেকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা দিনের পুরো সময়েই বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে করে কাজে অনেক গতি আসবে। এদিকে, জেলা ও মহানগর জজ আদালত থেকে বিচারকদের এনে জেলা ও মহানগর ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দেয়ায় নিম্ন ও জজ আদালতে মামলা জট বাড়ার এবং জজ আদালতে বিচারক সংকট দেখা দিতে পারে বলে আইনজীবীরা মন্তব্য করেছেন। তারা মনে করছেন, মহানগর ও জেলা ম্যাজিস্ট্রেসিতে মহানগর ও জেলা দায়রা জজ আদালতের বিচারকরা যোগ দেয়ায় বেশ কয়েকটি আদালত বিচারকশূন্য হয়ে পড়বে। অন্য আদালতের বিচারকরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলে আদালতসমূহে মামলাজট হবে ও বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়বে। জেলা পিপি এনামুল হক চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিকে বিচারক ও জনবল সংকটের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। একটি নতুন প্রক্রিয়া শুরু করতে গেলে সাময়িক কিছু অসুবিধা হতেই পারে -এ মন্তব্য করে তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থার জন্য এ যুগান্তকারী পদক্ষেপকে বাস্তবে রূপ দেয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত হাকিম সংকট নিরসনে বিভিন্ন জেলায় দশ বছরের বেশি সময় ধরে সফলভাবে আইনজীবী হিসেবে কাজ করছেন এমন ব্যক্তিদের পরীক্ষার ভিত্তিতে জেলা জজের অনুমোদনক্রমে ডেপুটেশন ভিত্তিতে বিচারবিভাগীয় হাকিম নিয়োগ দেয়া যেতে পারে বলে পরামর্শ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এসকে/২১৩০ঘ.