ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে চারটি নতুন রাস্তা তৈরির পদক্ষেপ নিয়েছে সরকার।
বুধবার নিজ কার্যালয়ে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান।
যানজট নিয়ে এক জন সম্পাদকের প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, র্যাংগস ভবন ভেঙ্গে ফেলার পর বিজয় সরণি তেজগাঁও পর্যন্ত বর্ধিত হবে। কামাল আতাতুর্ক এভিনিউয়ের সমান্তরালে বনানী ১১ নম্বর দিয়ে গুলশান পর্যন্ত ফ্লাইওভার হবে। এছাড়া জিয়া কলোনী থেকে মীরপুর এবং বেগুনবাড়ি হাতির ঝিল হয়ে একটি রাস্তা বিশ্বরোডে মিলবে।
নতুন রাস্তাগুলোর নির্মাণ কাজ শেষ হলে যানজট কমবে বলে আশা প্রকাশ করেন ফখরুদ্দীন আহমদ।
ওই সময় প্রধান উপদেষ্টা বলেন, "২০০৮ সালে নির্বাচনের পর ক্ষমতা ছেড়ে দেয়ার আগে বড় ধরনের (ম্যাস) ট্্রানজিট সিসটেম চালু করে যেতে পারবো কিনা সন্দেহ আছে।"
এদিকে মহানগর ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর মোট আয়তনের মাত্র ৭ থেকে ৮ ভাগ রাস্তা রয়েছে। এটা কমপক্ষে ২৫ ভাগ থাকার কথা। এছাড়া গত ১০ বছরে ঢাকায় কোনো নতুন রাস্তা হয়নি। অথচ এই সময়ে কমপক্ষে ১০ লাখ নতুন গাড়ি নেমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিআইকে/এএইচডি/এমআই/এমএ/১৮২৪ ঘ.
bdnews24