২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম ইউরোপে চিকিৎসক পাঠাতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সরকার পশ্চিম ইউরোপে বাংলাদেশী চিকিৎসকদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

সিলেট, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার পশ্চিম ইউরোপে বাংলাদেশী চিকিৎসকদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। রোববার দুপুরে সিলেটে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্ব এমনকি ইউরোপেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে যথেষ্ট সাড়াও পাওয়া যাচ্ছে। পশ্চিম ইউরোপেও আমাদের চিকিৎকদের কর্মসংস্থানের একটি দুয়ার খুলতে যাচ্ছে। সেজন্য আমরা কূটনৈতিক তৎপরতা শুরু করেছি।" সিলেটের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "সিলেটের উন্নয়নে সরকার আন্তরিক। এ সরকারের আমলে ওসমানী বিমান বন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হয়েছে। আগামী মাসে সিলেট থেকে সরাসরি ফ্লাইটে হজ যাত্রীরা জেদ্দায় যেতে পারবেন।" উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন উইমেন্স মেডিকেল কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. শফিকুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১১১ ঘ.