ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নেশার ট্যাবলেট ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ার ঘটনায় শুক্রবার গুলশান থানায় দুটি মামলা হয়েছে।
দুটি মামলাতেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার মূল হোতা, গ্রেপ্তারকৃত এমবি মাল্টিকেয়ার টেকনোলজি লিমিটেডের কর্মকর্তা আমিনুল হুদা (৩৬) ও তার কর্মচারি আহসানুল হক হাসানকে (৩৪) আসামি করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক শরীফউদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি মামলার একটি বিশেষ ক্ষমতা আইনে এবং দ্বিতীয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলার বাদি র্যাব-১ এর উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী এবং দ্বিতীয় মামলার বাদি র্যাব-১ এর উপ-পরিদর্শক নূরুল ইসলাম।
শরীফউদ্দিন ভূঁইয়া জানান, মামলার আসামি আমিনুল হুদা ও আহসানুল হক হাসান এবং উদ্ধারকৃত নেশাদ্রব্য ও যন্ত্রপাতি থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের আগামীকাল (শনিবার) আদালতে হাজির করা হবে।
বৃহস্পতিবার গুলশানের ওই দুটি বাড়িতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা ও আইস পিল এবং ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
এর আগে গত ১৭ ও ১৮ অক্টোবর রাজধানীর গুলশান ও বনানী এলাকা থেকে ইয়াবা ও যৌনাচারে ব্যবহৃত বেশ কিছু সামগ্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার গুলশানের দুটি বাড়িতে অভিযান চালায় র্যাব।
এদিকে রাজধানীর মগবাজার এলাকায় বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত মো. শাহীন (৩০), মো. বাশার (২৫) ও লিটন দেবনাথকে (৩৫) শুক্রবার তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুকুল চাকমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন অঞ্চলে অভিযান চালানো হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০৪০ ঘ.
bdnews24