কক্সবাজার, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে সাগরে গোসল করতে গিয়ে শুক্রবার পানিতে ভেসে যায় নারায়ণগঞ্জের ভোলানাথ কলেজের চার ছাত্র। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাজিব নামের একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বেলা ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব নারায়ণগঞ্জের বন্দর থানার আবদুল মান্নানের ছেলে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
সৈকত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত হাবিলদার হিজবুল বারী জানান, ভোলানাথ কলেজের ছাত্র রাজিব (২৫), শুভ (২৪), শাকিল (২৫) ও আলী (২৫) বৃহস্পতিবার কক্সবাজার আসেন। শুক্রবার বিকেলে সমুদ্রে গোসল করতে নেমে ভাটার টানে ভেসে যান তারা।
সৈকতে দায়িত্বরত 'ইয়াসির লাইফ গার্ড' এর অধিনায়ক কামাল উদ্দিন জানান, তার দলের সদস্য ও পর্যটকরা বিকেল সাড়ে ৪টার দিকে ওই চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে আনার পরপরই রাজিবের মৃত্যু হয় বলে ওই হাসপাতালের চিকিৎসক মনির উদ্দিন আহমদ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫৮ ঘ.
bdnews24