ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান বলেছেন, জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এবার সারাদেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে টিকা খাওয়ানো হবে। এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে অংশ নেবেন ছয় লাখ স্বেচ্ছাসেবক।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ইপিআই ভবন মিলনায়তনে ১৬তম জাতীয় টিকা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রথম ও দ্বিতীয় রাউন্ডের পর পরবর্তী চারদিন বাদপড়া শিশুদের খুঁজে বের করে টিকা খাওয়ানো হবে।"
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, উপদেষ্টা বলেন, " যেসব শিশু আত্মীয় স্বজনের বাড়ি বা বিভিন্ন স্থানে যাতায়াত করবে তাদের টিকা খাওয়ানোর জন্য বাস ও রেলস্টেশন, বিমান বন্দর, লঞ্চঘাট ও বড় বড় ব্রিজের টোল কেন্দ্রে ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে।"
স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম জাফর উল্লাহ খান, যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ আব্দুল মান্নান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. দুয়াংবেদী সাংখোবল এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি লুইস জর্জেজ আর্সেনডাল্ট।
একইদিন রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী সিটি করপোরেশন ও নয়টি উপজেলায় আগামী ২৭ অক্টোবর পালিত হবে ১৬তম জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড। এ রাউন্ডে এক থেকে পাঁচ বছর বয়সী তিন লাখ ৫৬ হাজার শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। দ্বিতীয় রাউন্ড পালিত হবে ৮ ডিসেম্বর।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সিটি করপোরেশন এলাকায় ৩৮৪টি এবং নয় উপজেলায় এক হাজার ৮৭৭টি কেন্দ্রে ১১ হাজার ৩০৫ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এছাড়া ৭৪টি থাকবে ভ্রাম্যমাণ দল।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ জহুরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. রেজভি সুলতান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মাহফুজুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/ এমএসবি/০১০৮ ঘ.
bdnews24