ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ভবনে কাজ শুরু করেছে টাস্কফোর্স।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে টাস্কফোর্সের সদস্যরা অবস্থান নেয়। সেখানে টাস্কফোর্স সদস্যদের জন্য একটি কার্যালয় চালু করা হয়েছে।
এছাড়া নতুন করে খোলা হয়েছে একটি অভিযোগ বাক্স। তিতাসের বিভিন্ন শাখা কার্যালয়েও টাস্কফোর্স পর্যায়ক্রমে এ অভিযান চালাবে।
তিতাস কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লেফটেনেন্ট কর্নেল হাসান এবং মেজর কামরুলের নেতৃত্বে সেনা সদস্যরা তিতাস কার্যালয়ে আসেন। তারা তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল্লাহসহ সব মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং কর্মকর্তাদের কাছে অনিয়ম উদঘাটনে সহায়তা চান তারা।
সেনা সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এম আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, "তিতাসের বিভিন্ন কার্যক্রম যাচাই-বাছাই করে টাস্কফোর্স সরকারের কাছে একটি প্রতিবেদন দেবে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে রাজস্ব আদায় ও গ্যাস চুরি ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিতাস কর্মকর্তারা জানান, বিভিন্ন কাগজপত্র পরীক্ষা-নীরিক্ষা শেষে টাস্কফোর্সের সদস্যরা অনিয়ম ও দূর্নীতি চিহ্নিত করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও অর্থনৈতিক অনিয়ম, সিবিএ নেতাদের অনিয়ম ও দূর্নীতি, গ্যাস বিপনণে অব্যবস্থাপনা, রাজস্ব আদায়ে কারচুপি, গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন প্রকিয়ার সমস্যা, গ্রাহক সেবার নামে অহেতুক হয়রানি ও আর্থিক ক্ষতি।
এছাড়া টাস্কফোর্স তিতাসের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কাজও পর্যালোচনা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে টাস্কফোর্স ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ে কাজ শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এমএসবি/২৩২৬ ঘ.
bdnews24