২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"সাজা না হওয়া নেতারা নির্বাচনে যেতে পারবেন কিনা তা আইনের বিষয়"

গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে যাদের এখনো সাজা হয়নি তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা প্রচলিত আইন এবং সরকারের নীতির বিষয় বলে জানিয়েছেন গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান উপদেষ্টা এম এ মতিন। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির (এনসিসি) কার্যক্রম সম্পর্কিত এক ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে সময়মতো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত দুর্নীতিবাজদের বিচার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে বলে মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে যাদের এখনো সাজা হয়নি তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা প্রচলিত আইন এবং সরকারের নীতির বিষয় বলে জানিয়েছেন গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান উপদেষ্টা এম এ মতিন। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির (এনসিসি) কার্যক্রম সম্পর্কিত এক ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে সময়মতো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত দুর্নীতিবাজদের বিচার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে বলে মন্তব্য করেন তিনি। এম এ মতিন বলেন, "এতগুলো মামলার বিচারকাজ শেষ করতে আরও আদালত এবং জনবলের প্রয়োজন। এ কারণে সরকার যদি সব বিচার সম্পন্ন করতে না-ও পারে তবে পরবর্তী সরকার এসে এসব দেখবে। কারণ এটি একটি চলমান প্রক্রিয়া।" মতিন বলেন, এতদিন ধরে ৬২টি টাস্কফোর্স দুর্নীতি তদন্তের বিষয়ে কাজ করছে। এর সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, এতদিন টাস্কফোর্সে যারা কাজ করেছে তারা ছিল অদক্ষ এবং অনভিজ্ঞ। এখন তারা কাজ করতে করতে দক্ষতা অর্জন করেছে। আশা করছি তারা ভবিষ্যতে দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে পারবে।" এসব মামলার বিচারকাজ শেষ করতে আদালতের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি। সরকারের সর্বশেষ তালিকার ৮০ দুর্নীতিবাজের মধ্যে ৫০ জনের নাম প্রকাশ করা হয়েছে। অন্যদের নামের তালিকা কবে নাগাদ প্রকাশ করা হতে পারে জানতে চাইলে এম এ মতিন বলেন, তাদের অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান শেষে পুরো তালিকাই প্রকাশ করা হবে। এই ৮০ জনের তালিকা থেকে একজনও বাদ পড়বেন না বলে তিনি জোর দিয়ে বলেন। এনসিসির কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, টাস্কফোর্স এ পর্যন্ত ৫৭৩ টি অভিযোগ পর্যালোচনা করেছে। এর মধ্যে ৪৪টির বিচারকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বিচারযোগ্য ১৩১টি মামলার মধ্যে ৫৯ টি বিচারাধীন রয়েছে। তদন্তযোগ্য ২৮৫টি অভিযোগের মধ্যে ১৯৫ টি তদন্তাধীন রয়েছে। এছাড়াও ৮৮টি অভিযোগ অনুসন্ধান পর্যায়ে এবং ২৫টি অভিযোগের প্রাথমিক অনুন্ধান চলছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এনসিসির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিফ্রিংয়ে জানানো হয়। এছাড়া নির্ধারিত সময়ের আগেই ভোটারতালিকা তৈরিসহ আনুষঙ্গিক কাজ শেষ করা গেলে আগেও নির্বাচন হতে পারে বলে জানান যোগাযোগ উপদেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচএস/আরএ/এসকে/২১৫৩ ঘ.