ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগে বুধবার সন্ধ্যায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ছাত্রদল নেতা আনোয়ারুল হক শরীফ (৩০) নিহত হয়েছেন।
শরীফ সবুজবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ রাত আটটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় কদমতলা খালপাড়ে শরীফকে লক্ষ্য করে অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী গুলি ছোঁড়ে। তার মাথায় একটি গুলি লাগে।
পরে এলাকাবাসী শরীফকে উদ্ধার করে রাজারবাগ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রউফ বলেন, "তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। ঘটনাস্থল এবং আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা হামলারকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১০৩ঘ.
bdnews24