ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীমান্ত এলাকায় ২০০০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭০১ জন বাংলাদেশী নাগরিক বিএসএফ ও ভারতীয় বিভিন্ন গোষ্ঠীর হাতে প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু বিএসএফের গুলিতেই নিহত হয়েছে ৬৫৩ জন। চলতি বছরের শুরু থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৯৪ জন বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ।
বাংলাদেশ-ভারত সীমান্তে সহিংসতা সম্পর্কে বুধবার মানবাধিকার সংগঠন 'অধিকার' প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকায় বিডিআর ও বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু হওয়ার আগে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
সম্মেলনে অংশ নিতে বিএসএফের মহাপরিচালক আশিষ কুমার মিত্রের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে। ২৫ অক্টোবর সকালে বিডিআর সদর দপ্তরে সম্মেলন শুরু হবে।
অধিকারের ভারপ্রাপ্ত পরিচালক এস এম নাসিরউদ্দিন এলান বুধবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় সীমান্ত সম্মেলনকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সীমান্তে আমাদের কৃষক ও নিম্ন আয়ের লোকজনই বেশিরভাগ সময় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এটি দিন দিন বাড়ছে। ছোট রাষ্ট্রকে মানসিক চাপে রাখতে বড় রাষ্ট্রের এটি একটি প্রক্রিয়া।"
অধিকারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সালের শুরু থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিএসএফ এর হাতে ৯৪ বাংলাদেশী নিহত হয়েছে। এছাড়া, ২০০০ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত আট শিশুসহ ৮৯ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পরে তাদের সম্পর্কে আর কিছু জানা যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত আট বছরে সীমান্তে ৭২৭ জন বাংলাদেশী আহত হয়েছে। ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএসএফ সদস্যরা ধর্ষণ করেছে ১৩ নারীকে। সীমান্তে লুটের ঘটনা ঘটেছে ৬৪টি।
এসব সহিংস ঘটনা সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ও ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিডিআর-বিএসএফ এর সীমান্ত সম্মেলনে তুলে ধরার জন্য স্থানীয় সরকার উপদেষ্টা ও বিডিআর এর মহাপরিচালককে অনুরোধ করেছে অধিকার।
সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এখন নয়াদিল্লিতে রয়েছেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর কর্মকর্তারা জানান, সীমান্ত সম্মেলনে আলোচনার জন্য ১০ থেকে ১১টি বিষয় ঠিক করা হয়েছে। সীমান্তে বাংলাদেশীদের গুলি করে হত্যা, বিনা উস্কানিতে গুলি, বাংলাদেশী নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার বিষয়গুলো প্রথমেই আলোচনায় আনা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এসএইচ/২০১২ ঘ.
bdnews24