২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়নি বিএনপি: দেলোয়ার

খালেদা জিয়া ও খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্ব যারা মানবেন না, তাদের সঙ্গে ঐক্য হবে না বলে জানিয়েছেন বিএনপির খালেদাপন্থী অংশের নেতারা। এছাড়া স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার কোনো সিদ্ধান্ত বিএনপি এখনো নেয়নি বলেও জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 09:57 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্ব যারা মানবেন না, তাদের সঙ্গে ঐক্য হবে না বলে জানিয়েছেন বিএনপির খালেদাপন্থী অংশের নেতারা। এছাড়া স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার কোনো সিদ্ধান্ত বিএনপি এখনো নেয়নি বলেও জানিয়েছেন তারা। বুধবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় সাংবাদিকদের এ কথা জানান বিএনপির খালেদাপন্থী অংশের নেতারা। দলের খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "ঐক্যের ডাক দেয়ার অধিকার সংস্কারপন্থীদের নেই। তাদের আহ্বান কর্মীরা গ্রহণ করবে না। যারা খালেদা জিয়ার নেতৃত্ব মানবেন না, তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না।" তবে বহিষ্কৃতরা দলে ফিরে আসতে চাইলে গঠনতন্ত্র অনুযায়ী তাদের ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "বিএনপি ঐক্যের বিপক্ষে নয়। তবে সুবিধাবাদীদের সঙ্গে কোনো ঐক্য হবে না। খালেদা জিয়া ও খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্ব যারা মানবেন, তাদের জন্য বিএনপির দরজা খোলা।" "তবে যারা খালেদা জিয়াকে অশ্রদ্ধা করেছেন, তারা যদি কূটকৌশলের মাধ্যমে দলে ভিড়তে চান, নেতা-কর্মীরা তা মেনে নেবে না। ওই সব সুবিধাবাদীদের দল ক্ষমা করলেও কর্মীরা করবে না", হুঁশিয়ারি দেন গয়েশ্বর। আওয়ামী লীগের মতো বিএনপিও স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বলেন, "সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি আগাম কোনো সিদ্ধান্ত নেবে না। আওয়ামী লীগ নিয়েছে, সেটা তাদের নিজস্ব বিষয়। আমরা এ বিষয়ে এখনো চিন্তা-ভাবনা করিনি।" দলীয় কার্যালয় বন্ধ থাকায় অস্থায়ী কোনো কার্যালয় নেয়া হবে কিনা- এ প্রশ্নে দেলোয়ার হোসেন বলেন, "বসার একটি বড় জায়গা আমরাও খুঁজছি।" খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সুচিকিৎসায় তাকে বিদেশে পাঠানোর দাবিও জানান দেলোয়ার হোসেন। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সার সঙ্কট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। এর আগে ঢাকা মহানগর যুবদলের (উত্তর) নেতা-কর্মীরা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে খোন্দকার দেলোয়ারের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি আন্থা প্রকাশ করেন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এসএম/এমআই/১৫৫২ ঘ.