২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলায় রায় ৩০ অক্টোবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। মঙ্গলবার ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 09:44 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। মঙ্গলবার ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন। ২৮ মে যৌথ বাহিনী বাবরের গুলশানের বাসার শোবার ঘর তল্লাশি করে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে। এর মধ্যে একটি রিভলবার ও ২৫ রাউন্ড গুলির লাইসেন্স না থাকায় তার বিরুদ্ধে গুলশান থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন ওই দিনই মামলা দায়ের করেন। ২৩ জুন বাবরের বিরুদ্ধে অভিযোপত্র দেন উপপরিদর্শক কবির হোসেন। মোট ১৪ জন সাক্ষী বাবরের বিরুদ্ধে এ মামলায় সাক্ষ্য দেন। এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আদালতে উপস্থিত যুক্তিতর্ক শুনানিতে ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. কবির হোসাইন বলেন, "বাবরের নিরঙ্কুশ দখল থেকে এবং তার জ্ঞাতসারেই যৌথ বাহিনী তার গুলশানের বাসা থেকে লাইসেন্স বিহীন একটি রিভলবার ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে। রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় এ মামলায় অভিযুক্তকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক।" বাবরের আইনজীবী আবদুল্লাহ মাহমুদ হাসান ও অপর আইনজীবীরা মামলাটি মিথ্যা ও বানোয়াট অভিহিত করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। গত ৭ আক্টোবর বাবর নিজেকে নিদোর্ষ দাবি করে আদালতে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য জমা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৫৩০ ঘ.