২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ আলাদা করা না পেছালে কাজ বন্ধের হুমকি

বিচার বিভাগ পৃথককরন কার্যকর হওয়ার তারিখ আগামী ১ নভেম্বর থেকে পিছিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামী ১ নভেম্বর থেকে প্রশাসনিক বা নির্বাহী বিভাগের সকল কার্যালয়ে কাজ বন্ধ করে দেয়ারও হুমকি দেওয়া হয়েছে। বিচার বিভাগ পৃথক করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত: জানালেও নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা সুনির্দিষ্ট এবং বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করার দাবি জানান তারা। তাদের মতে, বিচার বিভাগ পৃথক করার সিদ্ধান্ত বাস্তবায়নে আরো সময় নেওয়া প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --বিচার বিভাগ পৃথককরন কার্যকর হওয়ার তারিখ আগামী ১ নভেম্বর থেকে পিছিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামী ১ নভেম্বর থেকে প্রশাসনিক বা নির্বাহী বিভাগের সকল কার্যালয়ে কাজ বন্ধ করে দেয়ারও হুমকি দেওয়া হয়েছে। বিচার বিভাগ পৃথক করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত: জানালেও নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা সুনির্দিষ্ট এবং বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করার দাবি জানান তারা। তাদের মতে, বিচার বিভাগ পৃথক করার সিদ্ধান্ত বাস্তবায়নে আরো সময় নেওয়া প্রয়োজন। রোববার বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (বিয়াম) ফাউন্ডেশনের উদ্যোগে বিয়াম মিলনায়তনে 'সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা' শীর্ষক এক সেমিনারে কর্মকর্তারা এ দাবী জানান। ঢাকার বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ামের সভাপতি পিএটিসি'র রেক্টর আবু মো. মনিরুজ্জামান খান। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন। বিয়ামের মহাপরিচালক ড. মোহাম্মদ সাদিক স্বাগত বক্তব্য রাখেন। অতিরিক্ত সচিব আকমল হোসেন আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন প্রাক্তন উপদেষ্টা সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী, ঢাকার সাবেক জেলা প্রশাসক আবদুল মোবারক, বেসরকারি সংস্থা উবিনীগ এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাযহার, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেন, ভেজাল বিরোধী অভিযানখ্যাত ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলা, ফরিদপুরের বোয়ালমারির সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহেল বাকী প্রমুখ। আবদুল মুয়ীদ চৌধুরী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, বিচার বিভাগ পৃথক করার বিষয়টি আদালতের রায়ের কারণেই হয়েছে। এর আগের দুটি রাজনৈতিক সরকারই এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। আদালতের সব রায় যদি আমরা ভাল বলে মেনে থাকি, তবে এ রায় কেন ভাল বলে মানবো না? তিনি বলেন, বিচার বিভাগ পৃৃথক হলেই সকল নির্বাহী ম্যাজিস্ট্রেসির কোন ক্ষমতা থাকবে না, সব বাতিল হয়ে যাবে, তা বলা যাবে না। তাদের হাতেও ভূমি প্রশাসন ব্যবস্থাপনা, ভ্রাম্যমান আদালত পরিচালনা, পরীক্ষা পরিচালনা, সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা থাকতে হবে। এ বিষয়গুলো তাদের জন্য সুনির্দিষ্ট করে দিতে হবে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটদের অবস্থান ও ক্ষমতা নির্ধারণ করতে হবে। তাদের মধ্যে কোন বৈষম্য রাখা যাবে না, অবশ্যই সমতা আনতে হবে। তিনি বিচার বিভাগ পৃথক করার প্রয়োজনে প্রধান বিচারপতির সচিবালয় পৃথক করারও পরামর্শ দেন। তিনি বলেন, বিচার বিভাগ যেহেতু সংসদে প্রণীত আইন বাস্তবায়নে কাজ করবে, তাই প্রধান বিচারপতির সচিবালয়কে সংসদের কাছে জবাবদিহি করতে হবে। বিচারক নিয়োগের ক্ষেত্রে সংসদীয় কমিটি করে তাদের দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান অতিথি আবু মো. মনিরুজ্জামান খান বিচার বিভাগ পৃথক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সুশাসন একটি ধারাবাহিকতা। ১ নভেম্বরের পর কি হবে, তা নিয়ে আমরা কেউই কিছু বুঝতে পারছি না। তবে পরিবর্তন তো অবশ্যই হবে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝির সমাধান করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই সকল বিষয়ে সমাধান করতে হবে। সকলের মধ্যে ক্ষমতা নির্ধারণ করতে হবে। আবদুল মোবারক বলেন, বিচার বিভাগকে এত ক্ষমতা দিয়ে স্বাধীন করা হলে তারা নিজেরাই অকার্যকর হয়ে যাবে। কারণ তাদের নির্দেশনা কেউই মানবে না। তিনি বলেন, এ পৃথককরণের মাধ্যমে বিচার বিভাগ পৃথক হয়নি, ম্যাজিস্ট্রেসি পৃথক করা হয়েছে। কারণ এখনো বিচারক নিয়োগ দেয় নির্বাহী বিভাগ। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির পরামর্শ নিয়েই রাষ্ট্রপতি উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেন। এ অবস্থার অবসান হতে হবে। ড. এমএ মোমেন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। অথচ এখন পর্যন্ত দেশের জমি-জমার সকল বিষয় নির্বাহী বিভাগের হাতেই রয়েছে। কারণ এ কাজটি নির্বাহী বিভাগের কর্মকর্তারাই ভাল বুঝেন। তাই তাদের হাতেও ক্ষমতা থাকতে হবে। তা না হলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা উবিনিগ এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাযহার বলেন, বিচার বিভাগের স্বাধীনতার মানে শুধু পৃথককরন নয়, সাধারণ মানুষ যাতে সুবিচার পায়, তার ব্যবস্থা করা। কিন্তু এখানে পৃথককরণের নামে যে প্রস্তাবনা দেয়া হয়েছে, তা একটি প্রতারণা মাত্র। রাষ্ট্র অখন্ড, এখানে কোন বিভাগ এককভাবে স্বাধীন থাকতে পারে না। তাই পৃথক হওয়ার প্রস্তাবনা মানলেও এর স্বাধীনতার বিষয়টি মানা যায় না। তিনি বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা ঠিক হবেনা। এটা সাংবিধানিক প্রশ্ন, সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এতে আদালতের কোন ভূমিকা নেই। সংসদের কাজ সংসদকেই করতে দিতে হবে। সংসদকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্ত নির্বাচিত সরকার না মানলে দেশ আরো বিপর্যয়ের মুখে পড়বে। দেশকে আরো বিপর্যয়ের দিকে নেবেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৬০০ ঘ.