২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যের ব্যাপারে বিএনপির দুই শিবিরেই নরম সুর

ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে নেপথ্য তৎপরতার গুঞ্জনের প্রেক্ষাপটে একই রকম নরম সুরে কথা বলছেন বিএনপির দুই অংশের নেতারা। এখনো উভয়েই নিজেদের মূলধারা বলে দাবি করে এলেও ঐক্যের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তারা। খালেদাপন্থী মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপিকে 'এককাট্টা' আখ্যায়িত করে বলেছেন, "ঐক্যের বিষয়ে যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আসে, তারপর দেখব।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে নেপথ্য তৎপরতার গুঞ্জনের প্রেক্ষাপটে একই রকম নরম সুরে কথা বলছেন বিএনপির দুই অংশের নেতারা। এখনো উভয়েই নিজেদের মূলধারা বলে দাবি করে এলেও ঐক্যের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তারা। খালেদাপন্থী মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপিকে 'এককাট্টা' আখ্যায়িত করে বলেছেন, "ঐক্যের বিষয়ে যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আসে, তারপর দেখব।'' অন্যদিকে সংস্কারপন্থী অংশের নেতা আশরাফ হোসেন বলেছেন, ''বিএনপিতে কোনো বিভেদ নেই, মতভিন্নতা আছে। আমরা সবসময় বলে আসছি, ঐক্যবদ্ধ বিএনপি চাই। সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে।'' খোন্দকার দেলোয়ার ও আশরাফ হোসেন সাংবাদিকদের কাছে দলের ঐক্যের বিষয়ে এভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে নেতৃত্ব পর্যায়ে বিএনপি'র দুই অংশের মধ্যে একটি সমঝোতার প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। রোববার দুপুরে সংসদভবনের ন্যাম ফ্ল্যাটে দেলোয়ার হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,'' ঐক্যের বিষয়ে কোনো কিছুই আমার কাছে আসেনি। গণমাধ্যমের মাধ্যমে আমরা হাওয়ায় এটা শুনি। যদি কোনো কিছু আনুষ্ঠানিকভাবে আমাকে দেওয়া হয়, তাহলে দেখব।'' আওয়ামী লীগের মতো সরকারের সঙ্গে সংলাপে বসার চিন্তা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন,'' কোন দল কি করল, তা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের দলীয় কার্যালয় বন্ধ করে রাখা হয়েছে। অফিসে বসতে পারলে এসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতাম।'' ঐক্যের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহও। দলে ঐক্যের সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন,'' রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যে আঘাত তারা (সংস্কারপন্থীরা) আমাদের করেছেন, তা শরীরে দগ দগ করে জ্বলছে। তবে দলে যারা ফিরে আসতে চান, তাদের বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'' শনিবার দুপুরে খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে নরসিংদী সদর বিএনপি, বেলাবো থানা এবং ময়মনসিংহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সাক্ষাৎ করেন। তাদের উদ্দেশ্যে দলের মহাসচিব বলেন, "কারারুদ্ধ খালেদা জিয়া এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার নেতৃত্বে বিএনপি আরো শক্তিশালী হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে দল যেন কোনো বিভ্রান্তিতে না পড়ে। বিএনপির ঐক্য অটুট রাখতে হবে।'' তিনি বহিস্কৃতদের নাম উল্লেখ না করে বলেন,''যারা জনতা ও দলের নেতা-কর্মীদের মনোভাব থেকে দুরে, তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। যারা বলেন, বিএনপি টুকরো টুকরো হয়ে যাবে তাদের বক্তব্য অসাড় প্রমাণিত করে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে।'' বিএনপির দূর্যোগ কেটে যাবে - এ আশাবাদ ব্যক্ত করে খোন্দকার দেলোয়ার বলেন, "যারা এদিক-ওদিক করছিলেন বিএনপির নেতা-কর্মীদের সুদৃঢ় মনোভাব দেখে তারা এখন বুঝতে পেরেছেন, খালেদা জিয়ার কোনো বিকল্প নেই।'' অনুষ্ঠানে আ স ম হান্নান শাহ, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, মহিলা দলের শিরিন সুলতানা, নরসিংদী সদর বিএনপির যুগ্ম আহবায়ক সমির ভূঁইয়া, মাধবদী পৌর বিএনপির আমান উল্লাহ, সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন। সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন গুলশানে মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, '' আমরাই মূলধারা বিএনপির প্রতিনিধিত্ব করছি। অধিকাংশ কেন্দ্রীয় কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য, সহ-সভাপতি, সাবেক সাংসদ আমাদের সঙ্গে আছেন।'' তিনি বলেন, "দলকে শক্তিশালী করতে আমরা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। এগুলো কাউন্সিলে চূড়ান্ত হবে। দলে বিভিন্ন কারণে কিছু মতপার্থক্য সৃষ্টি হয়েছে। আমরা বলে আসছি, ঐক্যবদ্ধ বিএনপি চাই।'' আশরাফ হোসেন দাবি করেন, আবদুল মান্নান ভূঁইয়াই বিএনপির বৈধ মহাসচিব । তিনি বলেন, "আমাদের শক্তি দলের নেতা-কর্মী-সমর্থক। এদের অধিকাংশই আমাদের সঙ্গে আছেন। কিছু কিছু নেতা আমাদের দেওয়া খসড়া সংস্কার প্রস্তাবের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।" নির্বাচন কমিশন মূলধারা হিসেবে তাদেরই সংলাপে বসার আমন্ত্রণ জানাবে বলে আশা প্রকাশ করেন আশরাফ হোসেন। সাবেক সাংসদ নাজির হোসেন ও সাবেক ছাত্র দল নেতা মুনির হোসেন এসময় তার পাশে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬১০ঘ.