গাজীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে সরিষাবাড়িগামী আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের জেনারেটরে শুক্রবার সন্ধ্যায় আগুন লেগে যায়। পরে ট্রেনটি গাজীপুর জংশনে থামিয়ে আগুন নেভায় দমকল কর্মীরা।
গাজীপুর জংশনের স্টেশন মাস্টার জিয়াউল হক জানান, ট্রেনটি কমলাপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর স্টেশনের কাছাকাছি আসার পর জেনারেটর বগি থেকে ধোঁয়া বেরুতে শুরু করে। এক পর্যায়ে জেনারেটরে আগুন লেগে গেলে আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করে। চালক ট্রেন নিয়ে গাজীপুর জংশনে পৌঁছলে জয়দেবপুর দমকল বাহিনীর কর্মীরা আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
স্টেশন মাস্টার জানান, যান্ত্রিক ক্রটির কারণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। যাত্রীদের অনেকেই টিকেট ফেরত দিয়ে সড়কপথে গন্তব্যে রওনা হয়ে গেছেন। জেনারেটর বগিটি বদলে ট্রেনটিকে সরিষাবাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
তবে রাত আটটা পর্যন্ত ট্রেনটি গাজীপুর জংশনেই অবস্থান করছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৩৮ ঘ.
bdnews24