ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনের কাছে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হলে শুক্রবার ঢাকা থেকে নোয়াখালী ও চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সিলেট লাইনে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইনচ্যুত বগিটি সরানোর পর সন্ধ্যা ৬টায় রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
আখাউড়া রেল স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিকাল সোয়া তিনটার দিকে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন মন্দবাগ রেল স্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
তিনি জানান, আখাউড়া রেল জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি সরালে সন্ধ্যা ৬ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এমএইচবি/১৯৩৯ ঘ.
bdnews24