ঠাকুরগাঁও, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৫৫ বছর পর ঠাকুরগাঁও শহরের গোধুলী বাজারে অবস্থিত রাম মন্দিরে পূজার ঢাক বাজলো। বেদখল জমি দখল মুক্ত করার পর মন্দির পুনর্নির্মাণ করে বুধবার সেখানে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজার উৎসব শুরু হয়।
পুনর্নির্মিত রাম মন্দিরে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক রেফায়েত হোসেন।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ রায়, মনোরঞ্জন সিংহ ও গিরীশ চন্দ্র রায়।
পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা জানান, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এ রাম মন্দিরে ১৯৫২ সাল পর্যন্ত দুর্গাপুজাসহ অন্যান্য পূজা-অর্চ্চনা হয়। পরে মন্দিরের জমি ও ঘর বে-দখল হওয়ায় পূজা-অর্চ্চনা বন্ধ হয়ে যায়। এভাবে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর জেলা প্রশাসন মন্দির ও মন্দিরের কিছু জমি দখলমুক্ত করে। এর পরপরই মন্দিরটি সংস্কার করে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়।
সভায় বক্তারা রাম মন্দিরের মতো কালী মন্দির ও শ্মশানের জমি দখল মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৯৫৬ ঘ.
bdnews24