বরিশাল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের বাচ্চু মোল্লা হত্যা মামলায় দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন, জাহাঙ্গীর মিনার (৪৫) ও তার ছেলে এছাহাক মিনা (২১)।
আদালত এছাহাক মিনাকে আট বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে। জাহাঙ্গীর মিনারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও দু'হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ'মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় জাহাঙ্গীর আদালতে উপস্থিতি ছিলেন। এছাহাক মিনা পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর বাচ্চু মোল্লা (২৫) ও তার স্ত্রী পিয়ারা বেগমকে একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী জাহাঙ্গীর মিনার ও তার ছেলে এছাহাক মিনা বেদম পেটায়। ৩০ সেপ্টেম্বর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চুর মৃত্যু হয়।
ঘটনার পরদিন ২৬ সেপ্টেম্বর বাচ্চুর স্ত্রী পিয়ারা বেগম আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জে থানায় একটি মামলা দায়ের করেন।
কোতয়ালী থানার উপপরিদর্শক মিলন কৃষ্ণ মিত্র ২০০৪ সালের ৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩২৪ ঘ.
bdnews24