ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সাত প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান। তবে কারো নাম বা মামলা করার তারিখ প্রকাশ করতে রাজি হননি তিনি।
বুধবার এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, "বোর্ড প্রয়োজনীয় অনুমতি দিয়ে দিয়েছে। শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।"
আরো আট ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এনবিআর এ পর্যন্ত মোট ৩৯ জনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করার অনুমতি দিয়েছে। এর মধ্যে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। আদালত ২১টি মামলার রায় দিয়েছে এবং ৩টি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
চলতি অর্থ বছরের প্রথম তিন মাসের রাজস্ব আদায় পরিস্থিতি সম্পর্কে এনবিআর চেয়ারম্যান জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে নয় হাজার ১৩৫ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছরের ওই সময়ে আদায় হয়েছিল ৭ হাজার ৬৬৫ দশমিক ৯৭ কোটি টাকা।
এই সময়ের হিসেবে আয়কর আদায়ের পরিমাণ বেড়েছে ৪২ শতাংশ। গত অর্থ বছরের প্রথম তিন মাসে আয়কর পাওয়া গিয়েছিল এক হাজার ২৯৩ দশমিক ২৪ কোটি টাকা। আর এ বছর ওই তিন মাসে আদায় হয়েছে এক হাজার ৮৩৮ দশমিক ৬৬ কোটি টাকা।
অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার কারণেই আয়কর আদায়ের পরিমাণ এ বছর বেড়েছে বলে জানান বদিউর রহমান।
তিনি আরো জানান, এই তিন মাসে মূল্য সংযোজন কর হিসেবে আদায় হয়েছে তিন হাজার ১৪৪ দশমিক ০৪ কোটি টাকা। গত অর্থ বছরের চেয়ে এই পরিমাণ ১৪ শতাংশ বেশি। গত বছর এই খাতে আদায় হয়েছিল দুই হাজার ৭৫৭ দশমিক ৯০ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস শুল্ক বাবদ আদায় হয়েছে চার হাজার ৮০ দশমিক ৮ কোটি টাকা। গত অর্থ বছরের ওই সময়ে এই খাতে আদায় হয়েছিল তিন হাজার ৫৪৮ দশমিক ৩৮ কোটি টাকা।
এনবিআরের চেয়ারম্যানের পদ থেকে তাকে বদলি করা হচ্ছে
bdnews24