সিলেট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় কারাদণ্ডাদেশ পাওয়া সড়ক ও জনপথ (সওজ) এর মৌলভীবাজার কার্যালয়ের সাবেক প্রকৌশলী আবদুল খালেক ও সিলেট কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন।
সিলেটের অতিরিক্ত দায়রা জজ (তৃতীয়) আদালতে দুই আসামি আত্মসমর্পণ করলে বিচারক বিনয় কুমার মজুমদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৬ ফেব্র"য়ারি এ দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন সিলেট মীরাবাজারের বাসিন্দা ঠিকাদার নুরুজ্জামান। এজাহারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও তার ছেলে সাবেক সাংসদ নাছের রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে সাইফুর রহমানকে বাদ দিয়ে আটজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।
এরপর ১৬ মে নাছের রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালি সিদ্দিকী, সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক ও তৎকালীন সহকারী প্রকৌশলী মনোয়ার সাদিক, সিলেট কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
১৮ সেপ্টেম্বর এই মামলার রায়ে আদালত নাছের রহমানকে নয় বছর এবং ওয়ালি সিদ্দিকী, আবদুল খালেক ও শফিকুল ইসলামকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়। আদালত একই সঙ্গে ফয়জুল করিম ময়ুন ও মনোয়ার সাদিককে মামলা থেকে অব্যাহতি দেয় এবং আরিফুল হক চৌধুরীর বিচার কাজ স্থগিত করে।
বর্তমান তত্ত্ববধায়ক সরকার ক্ষমতায় আসার পর ৩ ফেব্র"য়ারি সাইফুর রহমানের ছেলে নাছের রহমানকে যৌথবাহিনী ঢাকার বাসভবন থেকে আটক করে। নাছের রহমান আটক হওয়ার প্রায় দু সপ্তাহ পর মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, নুরুজ্জামান সিলেটের ফেঞ্চুগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ২০০২-০৩ অর্থ বছরে সওজের ৩২ কোটি টাকার কাজ পান। নাছের রহমান এ কাজের অংশীদারিত্ব দাবি করে না পেয়ে তার কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় এবং এ বিষয়টি গণমাধ্যমকে জানানোয় ২০০৩ সালের ২০ অক্টোবর নাছের রহমান পুরো কাজ বাতিল করান।
এ ঘটনায় ২০০৩ সালের ১৮ নভেম্বর মিথ্যা অভিযোগ দিয়ে নাছের রহমান তাকে গ্রেপ্তার করান। এছ্ড়াা শ্রীমঙ্গল থানা হাজতে নিজে উপস্থিত থেকে অনুগত লোকজন দিয়ে নাছের রহমান তাকে নির্যাতন করেন বলেও অভিযোগ করেছেন নুরুজ্জামান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২৩২৬ঘ.
bdnews24