ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ইলিশ রপ্তানি নিষিদ্ধ থাকায় দেশের মাছ রপ্তানিকারকদের কাছে বর্তমানে প্রায় ৬৪৫ মেট্রিক টন হিমায়িত ইলিশ মজুদ অবস্থায় রয়েছে। রপ্তানিকারকরা এ হিমায়িত ইলিশ রপ্তানি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছেন।
এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে আন্ত:মন্ত্রণালয় সভা আয়োজনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বাণিজ্য ও অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম জানিয়েছেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, মঙ্গলবার দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভায় হিমায়িত মাছ রপ্তানিকারকরা ওই ইলিশ মজুদ রাখার কথা উল্লেখ করেন। তারা লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে এ মজুদ মাছ রপ্তানির অনুমতি চান।
শুধুমাত্র মজুদ আছে এমন ইলিশ মাছ রপ্তানি করতে দেওয়ার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ ঘাটতি ও অতি উচ্চমূল্য মোকাবেলায় প্রায় চার মাস আগে আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা বহাল থাকলেও রপ্তানির অনুমতির কথা বিবেচনার কারণ সম্পর্কে উপদেষ্টা জানান, আগে থেকেই মজুদ এ ইলিশ রপ্তানি করতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তাদের রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তাও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারের সভায় হিমায়িত মাছ রপ্তানিকারকদের প্রতিনিধিরা মজুদ থাকা ইলিশ মাছ রপ্তানির অনুমতি চান।
গত জুলাই মাসে সরকার ছয় মাসের জন্য ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০২৫ঘ.
bdnews24