ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মিরপুরের বড়বাগ এলাকায় রোববার সকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাসমত আলী শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
হাসমত আলী মিরপুর-২ এলাকার 'দি নিউ ঘাটাইল' নামে একটি দর্জি দোকানের কাটিং মাস্টার ছিলেন।
মিরপুর থানার উপপুলিশ পরির্দশক সাঈদ ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বাজার করে বাসায় ফেরার পথে বড়বাগ এলাকার শাহীনপুকুর মোড়ে ৩/৪ জন ছিনতাইকারী হাসমত আলীর পথ রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়।
সাঈদ ইকবাল জানান, মুমূর্ষু অবস্থায় হাসমত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24