ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক দিয়েছেন।
পরে খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে বলেন, "নেত্রীসহ অনেক নেতা কারাগারে থাকায় দলের নেতাকর্মীদের কাছে এই ঈদ বেদনাদায়ক। আমরা চেয়ারপারসনের মুৃক্তি চাই।"
তিনি কারাঅন্তরীণ খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতাকর্মী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
সকাল পৌনে ১১টায় জিয়ার কবরে ফুল দেওয়ার সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, ড. আর এ গনি, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরিত কামনা করে মোনাজাত করেন।
পরে সাংবাদিকদের কাছে ড. আর এ গনি দাবি করেন, "বিএনপিতে কোনো বিভক্তি নেই, মতবিরোধ আছে। বড় দলে মতের ভিন্নতা থাকতেই পারে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে।"
হান্নান শাহ বলেন, "এই ঈদ বেদনাদায়ক। কারণ আমাদের চেয়ারপারসন কারাগারে।" আগামী ঈদের আগেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে তিনি আমা প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৩০৬ ঘ.
bdnews24