২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেখেশুনে সেমাই কিনুন

বাংলাদেশে ঈদের খাদ্য তালিকার অবিচ্ছেদ্য উপাদান সেমাই। এদিন বাড়িতে অতিথি এলে সেমাই দিয়ে শুরু হয় আপ্যায়ণের প্রাথমিক পর্ব। রাজধানীসহ সারাদেশের বিক্রি হওয়া সেমাইয়ের বড় একটি অংশ আসে ঢাকার জিঞ্জিরা ও কামরাঙ্গীর চর এলাকা থেকে। ঈদ সামনে রেখে সেখানে গত বেশ কিছুদিন ধরেই চলছে দারুন ব্যস্ততা। অপরিচ্ছন্ন পরিবেশে সেখানে তৈরি হচ্ছে সেমাই। বাঁশের খুটির সঙ্গে আড় বেঁধে তাতে মেলে দেওয়া হয় সরু সুতোর মতো সেমাইয়ের গোছা। দূর থেকে দেখলে মনে হয় পাট শুকানোর আয়োজন। ওই এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন মোকাররম হোসেন শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের বিশেষ খাবারের তালিকায় সেমাই না হলেই নয়। উৎসবের অপরিহার্য অনুষঙ্গ। ধনী-গরিব সবার বাড়িতে সেমাই হবে। অতিথি আপ্যায়নে প্লেটে তুলে দেওয়া হবে বিভিন্ন পদের সেমাই। তবেই তো ঈদ। কেবল ঈদে নয়, বছরের অন্য উৎসব-পার্বণেও খাদ্য তালিকায় সেমাই থাকে। হাতে তৈরি নয়তো কারখানায় তৈরি সেমাই। আগে হাতে তৈরি সেমাই খাওয়ার চল থাকলেও এখন তেমন একটা দেখা যায় না। ঝামেলাহীন দ্রুত পরিবেশন করা যায়। সেজন্য কারখানায় তৈরির সেমাই জনপ্রিয় হয়ে উঠেছে। ধরনে ও মানে সেমাইয়ে বিভিন্নতা আছে। কুটির শিল্প ধরনের কারখানার পাশাপাশি বড় প্রতিষ্ঠানেও এখন আধুনিক পদ্ধতিতে সেমাই তৈরি হয়। সেমাই তৈরির একটি বড় কেন্দ্র হচ্ছে রাজধানীর লাগোয়া জিঞ্জিরা। ঈদের বাজারের প্রস্তুতি দেখতে জিঞ্জিরা গিয়ে দেখা গেল বেশ কয়েকটি বাড়িতে সেমাই তৈরি হচ্ছে। মূলত এক একটি ঘর নিয়েই এসব কারখানা। মোটামুটি বড় কারখানাও কিছু রয়েছে। বড় কারখানার বেশিরভাগই এখন কামরাঙ্গীর চরে। যোগাযোগ সুবিধার কারণে কয়েক বছরের মধ্যে সেখানে গড়ে উঠেছে সেমাই কারখানা। এসব কারখানায় সেমাই মেশিনে তৈরি হলেও তা রোদে শুকানো হচ্ছে খোলা আকাশের নিচে। বাঁশের খুটির সঙ্গে আড় বেঁধে তাতে মেলে দেওয়া হয় সরু সুতোর মতো সেমাইয়ের গোছা। দূর থেকে দেখলে মনে হয় পাট শুকানোর আয়োজন। দীর্ঘদিন ধরেই সেমাই তৈরি হচ্ছে জিঞ্জিরায়। পারিবারিকভাবে ক্ষুদ্র উদ্যোগে এ ব্যবসা শুরু হয়েছিল সত্তরের দশকে। হাতে তৈরির পাশাপাশি অনেক কারখানাতেই সেমাই তৈরি হচ্ছে মেশিনে। এসব সেমাইয়ের গুণগত মান আর স্বাস্থ্যগত দিক নিয়ে প্রশ্ন রয়েছে। এ নিয়ে প্রচারমাধ্যম প্রতিবছরই যথারীতি সরব হলেও অবস্থা রয়ে গেছে আগের মতোই। সরেজমিনে ঘুরে দেখা গেছে অস্বাস্থ্যকর পরিবেশের সেই একই চিত্র। খোলা আকাশের নিচে শুকানো সেমাই খাওয়া ঠিক হবে কিনা-৭০ টাকা রোজের শ্রমিক নূরজাহান বেগমকে এ প্রশ্ন করলে অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন তিনি- "এতে সমস্যা কি?" ভালো করে হাত ধুয়ে নিয়েছেন কিনা জানতে চাইলে নূরজাহান উত্তর দেন, "হাতে তো ময়লা লাগে নাই।" জিঞ্জিরা থেকে নদী পার হলেই কামরাঙ্গীর চরের হুজুর পাড়া। এখানে 'শান্ত সেমাই ফ্যাক্টরি'-র শ্রমিকরা কারখানার ছাদের ওপর বাঁশ বেধে সেমাই শুকাচ্ছে। বস্তা বস্তা ময়দা সাজিয়ে রাখা। জনা বিশেক শ্রমিক নিয়ে এটি বেশ বড় একটি কারখানা। ঈদ সামনে রেখে দিনরাত কাজ চলছে কারখানায়। এ কারখানার কর্মী সুজন, ইসলাম ও মোস্তাকিম জানান, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমতি নেই। তবে কারখানায় দেখা গেল, শ্রমিকরা খালি গায়ে ঘর্মাক্ত অবস্থায় আটার বস্তা টানছেন। বস্তার আটা যখন মেশিনে ঢেলে দিচ্ছেন তাতে ঘামের ফোটাও পড়ছে। মেশিন থেকে বের হওয়া সুতোর মতো সেমাই তারা দুই হাতে ধরেই টেনে ছিঁড়ছেন বা কাটছেন। কিছুক্ষণ বৈদ্যুতিক পাখার বাতাসে রাখার পর কাঁচা সেমাই নিয়ে যাওয়া হচ্ছে খোলা ছাদের ওপর বাঁধা বাঁশের আড়ে। নিচেই পাশের রাস্তায় উড়ছে ধুলো। ধুলো উড়ে কাঁচা সেমাইয়ে পড়বে এটাই স্বাভাবিক। পুষ্টি বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক গোলাম মওলা বলেন, যেহেতু দুধ ও চিনি দিয়ে রান্না করা হয় তাই সেমাইকে পুষ্টিকর খাবার বলা যায়। সেই সঙ্গে ময়দা দিয়ে তৈরি বলে এতে আছে শর্করা। তবে সেমাই তৈরির সময় পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে সেমাই তৈরি করেন আফজাল হোসেন। তার পরিবারের মূল ব্যবসা এটাই। আফজালের কারখানার অবস্থাও কমবেশি এলাকার আর দশটার মতোই। কিন্তু তার দাবি, ঈদের মৌসুমে উৎপাদন অনেক বেশি হয় বলেই অনেক সময় সেমাই বাইরে শুকাতে হয়। অন্য সময় তারা ঘরেই বৈদ্যুতিক পাখা চালিয়ে শুকানোর কাজ করেন। সবাই এ ব্যাপারে সচেতন নয় মানলেও আফজালের দাবি, তিনি নিজের কারখানায় পরিচ্ছন্নতা নিশ্চিত করছেন। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এবার রোজায় তারা এ ধরনের কারখানায় অভিযান চালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু লোকবল সীমাবদ্ধতার কারণে সেটা করা সম্ভব হয়নি। তারপরও দুই একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।'' ভবিষ্যতে এসব কারখানায় অভিযান চালানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/এমএসবি/১৭৫৪ ঘ.