চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ রোববার শুরু হয়েছে।
জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন ভোটার তালিকার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এরপর কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়।
র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন, পৌর চেয়ারম্যান আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা এবং প্রতিবন্ধী সংগঠন এ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্টের (এডিডি) শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ।
জেলা নির্বাচন কর্মকর্তা সরকার মো. আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, "রোববার থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। ২০ অক্টোবর থেকে ১৫টি ওয়ার্ডের ৪৬টি কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হবে।"
পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ১৫ জন সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা, ৭২ জন সুপারবাইজার ও ৩৫৯ জন্য তথ্য সংগ্রহকারী কাজ শুরু করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১০৫ ঘ.
bdnews24