২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আয়োজিত হচ্ছে প্রথম অনাবাসী বাংলাদেশী সম্মেলন

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনাবাসী বাংলাদেশী সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনাবাসী বাংলাদেশী সম্মেলন। স্কলারস বাংলাদেশ নামের একটি সংগঠন রাজধানীর হোটেল শেরাটনে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর এ সম্মেলন আয়োজন করবে। এতে অংশ নিতে আগ্রহী প্রবাসীরা স্কলারস বাংলাদেশ ডটকম ওয়েবসাইটের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্কলারস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী। তিনি সম্মেলনের একটি প্রস্তাবনাও প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে স্কলারস বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক এম এম আকাশ বলেন, "প্রবাসী বাংলাদেশীদের অনেকে উন্নত বিশ্বের শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধা নিয়ে অনেকদূর এগিয়ে গেছেন। তাদের সুযোগ রয়েছে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার। প্রবাসীরা নিজেরা এগিয়ে এলে খুব দ্রুত দেশ তাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারবে। স্কলারস বাংলাদেশের সম্মেলনের উদ্যোগ তারই সূচনা।" অনুষ্ঠানে প্রবাসী মুশতাক এলাহী বলেন, "প্রবাসীরা দেশের জন্য কাজ করতে চায়। এজন্য বারবার চেষ্টা করা হলেও সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। তবে এবার স্কলারস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনের মধ্য দিয়ে প্রবাসীরা দেশের জন্য কাজ করার সুযোগ পাবে।" ঢাকায় অনুষ্ঠেয় সম্মেলনে বিশেষজ্ঞদের অংশগ্রহণে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ১৬টি বিষয়ে সেমিনারের পাশাপাশি বই প্রকাশনা, আলোকচিত্র ও চিত্রকর্মের প্রদর্শনী থাকবে। বাংলাদেশে কাজ করতে আগ্রহী প্রবাসী ও দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ সৃষ্টিতে থাকবে ক্যারিয়ার ফেয়ার। উদ্যোক্তারা জানান, প্রবাসীরা শুধু নয়, দেশের যে কেউ চাইলে এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারবেন। সম্মেলনে পাঁচজন প্রবাসী ও দেশের পাঁচজনকে বর্ষসেরা মেধাবী পদক দেওয়া হবে। পুরস্কারের ক্যাটাগরি হচ্ছে- শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এফ আর খান পুরস্কার, স্বাস্থ্য ও চিকিৎসায় ড. মোহাম্মদ ইব্রাহিম পুরস্কার, মূলধারার রাজনীতি ক্ষেত্রে বঙ্গবন্ধু পুরস্কার, সমাজ উন্নয়নের জন্য ড. মুহাম্মদ ইউনূস পুরস্কার ও শিক্ষা-গবেষণা ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ বসু পুরস্কার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/এমএ/১৯৩২ঘ.