ঝিনাইদহ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পুলিশের গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গা গ্রাম থেকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফেরারি আসামি কাওসার আলীকে গ্রেপ্তার করেছে।
কাওসারের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার খরিডাঙ্গা গ্রামে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম খান জানান, ১৯৮৬ সালের ২২ সেপ্টেম্বর কাওসার আলী খড়িডাঙ্গা গ্রামের আজিজুর রহমানকে বেনাপোল বন্দর থানার বিত্তি আঁচড়া গ্রামে কুপিয়ে হত্যা করে। ১৯৯০ সালের ৭ এপ্রিল ওই মামলার রায়ে যশোরের জেলা ও দায়রা জজ হাসান আলী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২১ বছর কাওসার ফেরার ছিল।
আসলাম খান জানান, কালীগঞ্জের পান্তাডাঙ্গায় কাওসার আসল নাম বদলে মিলন নাম নিয়ে বসবাস করছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24