ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সূত্রাপুর এলাকার কুলোটোলায় গণপিটুনিতে হাশেম (২০) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
সূত্রাপুর থানার উপ পরিদর্শক কাওসার সবুর জানান, বুধবার ভোর চারটার দিকে জুতার বাক্স তৈরির কারখানার কর্মী রাসেল সুরিটোলার কারখানা থেকে বাসায় ফেরার পথে হাশেমসহ তিন ছিনতাইকারী তাকে আটক করে। তারা ছুরি মেরে রাসেলের কাছ থেকে ২১শ' টাকা ও একটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। এ সময় রাসেলের চিৎকারে অশেপাশের লোকজন ছুটে এসে হাশেমকে ধরে ফেলে পিটুনি দেয়। অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে জনতা হাশেমকে পুলিশের হাতে তুলে দিলে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী হিসাবে বিশ্বজিৎ ও নূরুল ইসলামের নাম বলে। পরে হাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে সাতটায় তার মৃত্যু হয়।
সকালে হাশেমের শ্যালকের সহায়তায় বিশ্বজিৎ ও নূরুল ইসলামকে কৌশলে থানায় আনা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে উপ পরিদর্শক কাওসার সবুর জানান।
তিনি আরো জানান, সূত্রাপুর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল সেট উদ্ধার করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১১৯ঘ.
bdnews24