চাঁদপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের যুগ্ম ও জেলা দায়রা জজ- এর এজলাসে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের বোমা হামলার দুই বছর পেরিয়ে গেলেও এখনো সে মামলার নিস্পত্তি হয়নি। ২০০৫ সালের ৩ অক্টোবর জঙ্গিদের বোমার আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন আবুল হাশেম বকাউল নামের এক ঠিকাদার। আহত হন তখনকার যুগ্ম জেলা জজ দীপেণ দেওয়ানসহ ৫ জন। নিহতের স্বজনেরা এ হত্যার বিচার চাচ্ছেন। দোষীদের ফাঁসি হবে এটাই তাদের প্রত্যাশা। অথচ এ মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে তাদের মনে।
সেদিনের বোমা হামলায় নিহত হাশেম বকাউলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, "আমি আমার স্বামী হত্যার বিচার চাই। বোমা হামলায় জড়িতদের সবার ফাঁসি হোক।"
ছেলে সাজ্জাদ রায়হান তুহিন বললেন, "জঙ্গিরা আমার বাবাকে মেরেছে। এরা বেঁচে থাকলে কিংবা এদের গোষ্ঠী বেঁচে থাকলে আমার বাবার মতো হাজারো বাবাকে প্রাণ দিতে হবে।"
ঘটনার দিন হাতেনাতে ধরা পড়ে চাঁদপুরের কচুয়ায় আবুল কালাম ও কুমিল্লার চান্দিনার সোহরাব হোসেন বিল্লাল নামের দুই জঙ্গি। ওই দুই জঙ্গি ১৭ আগস্ট ও সেদিনের বোমা হামলায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিও দেয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ধরা হয় জেএমবি'র আঞ্চলিক কমান্ডার শামীম হোসেন গালিব, মাহফুজসহ আরো কয়েকজনকে। এ ঘটনায় দায়ের করা তিনটি মামলায় আসামি করা হয় জেএমবি'র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানিসহ ১৫ জঙ্গিকে।
এদের মধ্যে স্থানীয় পর্যায়ে জড়িত ৯ জনই ঘটনার কয়েক মাসের মধ্যে আত্মসমর্পণ করে। পরে পুলিশ চাঁদপুরের এই বোমা হামলায় জড়িত ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের প্রথমদিকে এই মামলার অভিযোগ গঠন শেষে ১৫ জন আসামিকেই আদালতে হাজির করা হয়। শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই ও সানির অন্য মামলায় ফাঁসি হয়েছে। বাকি ১২ জন আসামিকে এ মামলার শুনানীর ৫টি তারিখেই আদালতে হাজির করা হয়েছে। মামলার সাক্ষী ৭০ জনের মধ্যে যুগ্ম জজ দীপেণ দেওয়ান, নাজির শফিউল্যাহ, পেশকার আব্দুল কাদের, অফিস সহকারি নুরুল ইসলাম এবং মামলার বাদী কনস্টেবল মোক্তার হোসেন গত ৩টি তারিখে এসে সাক্ষ্য দিয়ে গেছেন। আগামী ২৩ ও ২৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।
এ ব্যাপারে পিপি অ্যাডভোকেট এ বি এম খালেদ বলেন, মামলার নিয়মিত তারিখ পড়ছে। তবে কবে নাগাদ এ মামলা নিস্পত্তি হবে কিংবা এ মামলার ভবিষ্যৎ কী সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি/১২৪৭ ঘ.
bdnews24