২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও ৬ জন আটক

যৌথ বাহিনীর অভিযানে বন্দর ডক শ্রমিক সিবিএ সাধারণ সম্পাদক আবদুল আহাদ ছাড়াও গত ২৪ ঘন্টায় আরও ছয় জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

আটককৃতদের মধ্যে মীরসরাই সদর ইউনিয়ন চেয়ারম্যান ও একজন যুবদল কর্মী রয়েছেন। 

চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক সিবিএ এর সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুল আহাদকে সেনা সদস্যরা বেলা ১টায় বুধবার বন্দর ভবন থেকে আটক করে।

সেনা সূত্র অনুযায়ী, সেনা সদস্যরা সোমবার মধ্যরাতে মীরসরাই সদর ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় জামাত নেতা মেজবাহ উদ্দিন সেলিমকে তার বাড়ি থেকে আটক করে। উপজেলা ছাত্র শিবিরের সাবেক সহ সভাপতি মেজবাহ উদ্দিন সেলিমের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। 

নগরীর এনায়েত বাজারে সেনা সদস্যরা নগর যুবদল সভাপতি আবুল হাসেম বক্করকে গ্রেফতারের জন্য বুধবার দুপুরে এক অভিযান চালায়। তাকে বাসায় না পেয়ে সেনা সদস্যরা বক্করের ছোট ভাই যুবদল কর্মী আবুল বশর পাখিকে আটক করে।

আবুল বশরের বিরুদ্ধেও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে সূত্র জানায়।

এদিকে সেনা সদস্যরা বুধবার নগরীর বাকলিয়া থেকে মোয়াজ্জেমুল হক, চন্দনাইশ উপজেলা থেকে আহমেদ উল্লাহ, ফটিকছড়ি উপজেলা থেকে নুরুল আমিন ও পটিয়া উপজেলার কুখ্যাত লেদু ডাকাতকে আটক করেছে।