২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান লেক ভরাটের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

হাইকোর্ট গুলশান লেক ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে এই লেক ভরাট করে প্লট বরাদ্দ দেওয়া কেনো বেআইনী ঘোষণা করা হবে না -- সে বিষয়ে কারণ দর্শানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার ওই আদেশ দেয়। পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল ইয়ার্স এসোসিয়েশনের (বেলা) দায়ের করা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদেশটি দেওয়া হয়।

এ ছাড়া গুলশান লেকের ভরাট করা মাটি সরিয়ে নিতে কেনো আদেশ দেওয়া হবে না, এ মর্মেও সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, জলাধার সংরক্ষণ আইন এবং আপিল বিভাগের অনুমোদিত নকশা উপেক্ষা করে গুলশান লেক ভরাট করে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে।

বেলার পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান। রিটটি পরিচালনা করেন অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম।